সদ্য প্রকাশিত
মতামত

অরণ্যে রোদন এবং করোনা মহামারী

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২০৬ মিনিট পড়া
অরণ্যে রোদন এবং করোনা মহামারী

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

২১ মার্চ পালিত হল ‘আন্তর্জাতিক অরণ্য দিবস’। বর্তমানে ঘটমান করোনাভাইরাস মহামারীর সঙ্গে এ দিবসের তাৎপর্যের নিগূঢ় যোগসূত্র রয়েছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে শুরু করে অধুনা প্রাদুর্ভূত বা পুনঃপ্রাদুর্ভূত রোগগুলো সবই জীবাগত; ইংরেজিতে যাদের জুনোটিক ডিজিজ বলে।

যেসব রোগ অন্য প্রাণী থেকে মানবদেহে ছড়ায়, সেগুলোকে জুনোটিক ডিজিজ বলে। যেমন- ইবোলা, মার্স, সার্স, নিপাহ্, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু, অ্যানথ্রাক্স, নভেল করোনা ইত্যাদি। যে প্রাণীর দেহে এ ধরনের রোগের জীবাণু (ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি) বসবাস করে, সে প্রাণী হচ্ছে এসব রোগজীবাণুর পোষণকারী/বহনকারী (Reservoir)।

যেমন- ইবোলার সম্ভাব্য বহনকারী হচ্ছে ফলভুক বাদুড়; মার্সের বাদুড়, অ্যালপ্যাকা ও উট, সার্সের (সম্ভাব্য) বাদুড়, সিভেট বিড়াল, নিপাহর ফলভুক বাদুড়, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার পাখি, সোয়াইন ফ্লুর শূকর, অ্যানথ্রাক্সের গবাদিপশু।

কোভিড-১৯ ভাইরাসের বহনকারী কোনো প্রাণী তা এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি। বলা হচ্ছে, চীনের উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এর উৎপত্তি হয়েছে; এ ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর নাম এসেছে : যেমন- বাদুড়, সাপ, প্যাঙ্গোলিন ইত্যাদি।

মানুষ কীভাবে এসব বন্যপ্রাণীর সংস্পর্শে আসছে? প্রধান কারণ হচ্ছে, এসব প্রাণী তাদের আজন্মচেনা বসতভিটা হারাচ্ছে। কীভাবে? প্রধানত বন উজাড় করার মাধ্যমে। জন্মভূমি শুধু মানুষেরই প্রিয় না, জীবজন্তুরও প্রিয়। অরণ্যের রোদন কি আমরা শুনতে পাই! বিশ্বব্যাপী নির্বিচারে বন উজাড় করার ফলে বন্যপ্রাণী, পোকামাকড় লোকালয়ে প্রবেশ করছে এবং মানবদেহে রোগজীবাণু সঞ্চার করছে।

পত্রিকায় খবর রয়েছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার অন্তর্ভুক্ত শালবনের প্রায় ১৬ হাজার একর বনভূমি বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। প্রতিবেদন বলছে, ভূমি অফিসের ভুল ভূমি রেকর্ডের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ বন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ৩৮ হাজার ৮৫৮ একর শালবনের মধ্যে স্বাধীনতার পর এখন পর্যন্ত ২৫ হাজার ৭০ একর (৬৫ শতাংশ) বনভূমিতে তথাকথিত মানবসভ্যতার অবৈধ অনুপ্রবেশ ঘটেছে।

অথচ সরকার এসডিজির লক্ষ্যমাত্রা মাথায় রেখে দেশে বনভূমির আয়তন বর্তমান ১৫.৫৮ শতাংশ থেকে ২০৩০ সালের মধ্যে ১৮ শতাংশে উন্নীত করতে চাচ্ছে। উল্লেখ্য, একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা আদর্শিক।

স্মরণ করা যেতে পারে, গত বছরের শেষদিকে পৃথিবীর ফুসফুস বলে খ্যাত অ্যামাজন অরণ্যে দীর্ঘকাল ধরে সংঘটিত হয় ভয়াবহ দাবানল। এ অগ্নিকাণ্ড কোনো নিছক দুর্ঘটনা ছিল না, এটি ছিল ইচ্ছাকৃত অগ্নিসংযোগ (Arson); মূল্যবান কাঠ, জ্বালানি আর স্বর্ণ আহরণের জন্য একশ্রেণির অতি মুনাফালোভী মানুষের নৃশংস হত্যাকাণ্ড।

আবার অন্যদিকে মানুষের মধ্যে বন্যপ্রাণী পোষার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- এ চিরন্তন কথাটা মানুষ আর মানছে না। মানুষের অত্যাচারে বনমানুষ বিলুপ্ত হয়ে যাচ্ছে আর মানুষ বনমানুষের মতো আচরণ করছে। বন্যপ্রাণীকে গৃহপালিত প্রাণী বানানোর প্রকৃতিবিরুদ্ধ চেষ্টা চলছে। হরিণ, সাপ পোষার কথা বাদই দিলাম, কেউ কেউ এখন বাঘ, সিংহ, কুমির পর্যন্ত পুষছে।

কী করা যেতে পারে? প্রথমত, ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষণাবেক্ষণের সর্বৈব ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রকৃতির প্রধান অনুষঙ্গই হচ্ছে পাহাড়, নদী, বন আর প্রাণীজগৎ। বন উজাড় করা বন্ধ করতে হবে।

পাহাড় কাটা বন্ধ করতে হবে। নদী ভরাট বন্ধ করতে হবে। বলাই বাহুল্য, পাহাড়ের গায়ে গায়ে বা নদীর তীর ঘেঁষেই বন গড়ে উঠতে পারে এবং তা বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, ওয়ান হেলথ অ্যাপ্রোচের কথা গভীরভাবে চিন্তা করতে হবে।

শুধু মানুষের নয়, একই সঙ্গে জীবজন্তুর স্বাস্থ্যের যত্ন নেয়াই হচ্ছে ওয়ান হেলথ; অর্থাৎ ওয়ান হেলথ হচ্ছে মানুষ ও জীবজন্তুর সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা। যেহেতু জীবজন্তুর দেহ থেকে মানবদেহে রোগজীবাণুর সংক্রমণ ঘটছে, সেহেতু জীবজন্তু সুস্থ থাকলে মানুষও এসব রোগ থেকে রেহাই পাবে।

আমাদের শিক্ষাব্যবস্থা বা সেবা কার্যক্রমে ওয়ান হেলথ অ্যাপ্রোচ অনুপস্থিত। এটি একটি আধুনিক তত্ত্ব বা ধারণা, যদিও এখন তা পুরনো হতে চলেছে। আমাদের দেশে এতদ্বিষয়ক একটি সংঘ তৈরি হয়েছে; কাজের কাজ উল্লেখ করার মতো কিছু হয়নি।

সর্বোপরি প্রতিরোধমূলক স্বাস্থ্য যা পরিভাষা হিসেবে সারা বিশ্বে পাবলিক হেলথ অর্থাৎ জনস্বাস্থ্য নামে পরিচিত- তাকে সমধিক গুরুত্ব প্রদান করতে হবে। কেউ কেউ প্রতিরোধমূলক স্বাস্থ্য বলতে কেবল ভ্যাকসিনেশন অর্থাৎ tikadan-কে বুঝে থাকে।

এটি একেবারেই অসম্পূর্ণ ধারণা। tikadan জনস্বাস্থ্যের কিয়দংশ মাত্র। জনস্বাস্থ্যের পরিধি আরও অনেক বিস্তৃত। চিকিৎসক, ওষুধপথ্য থাকা সত্ত্বেও হাসপাতাল প্রশাসন সঠিকভাবে কাজ না করলে মানসম্মত সেবাদান সম্ভব নয়, সেবাগ্রহীতার সন্তুষ্টি অর্জন সম্ভব নয়; পুষ্টি নিশ্চিত করা না গেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠে না, মানুষ বারবার রোগাক্রান্ত হয়; রোগতাত্ত্বিক নির্ভুল পরিসংখ্যান না থাকলে উপযুক্ত স্বাস্থ্যনীতি বা পরিকল্পনা তৈরি করা সম্ভব হয় না; জনগণকে স্বাস্থ্য শিক্ষা না দিতে পারলে স্বাস্থ্যসেবায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায় না; সুবিন্যস্ত ক্যারিয়ার প্ল্যানের ভিত্তিতে চিকিৎসক তথা অন্যান্য স্বাস্থ্যকর্মী পরিচালনা না করলে তাদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া সম্ভব নয়। আর মোটাদাগে এসব কিছু মিলেই জনস্বাস্থ্যের আয়োজন।

শুধু কিউরেটিভ অর্থাৎ প্রতিকারমূলক স্বাস্থ্যব্যবস্থার মাধ্যমে জনগণের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করা একেবারেই সম্ভব নয়। আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থার সিংহভাগ প্রতিকারমূলক চিকিৎসাভিত্তিক, জনস্বাস্থ্যের স্থান এতে অতি নগণ্য।

বিশ্বব্যাপী প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসা ব্যয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে ওষুধপথ্য, যন্ত্রপাতিসহ বিপুলসংখ্যক হাসপাতালের রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করা ক্রমান্বয়ে দুঃসাধ্য হয়ে পড়ছে।

আয়তনে ছোট্ট দেশ আমাদের, কতগুলো হাসপাতাল বানাব আমরা! পুরো দেশ হাসপাতাল দিয়ে ভরে ফেললেও সুস্থসবল জাতি গড়া সম্ভব হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনস্বাস্থ্যের গুরুত্ব সম্যক উপলব্ধি করেছিলেন।

যুদ্ধবিধ্বস্ত দেশে ১৯৭৪-এর দুর্ভিক্ষের অপপ্রচারের বছর তিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, যা সংক্ষেপে নিপসম নামে পরিচিত; যেটি জনস্বাস্থ্যবিষয়ক সর্বোচ্চ জাতীয় স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান।

বলা যায়, জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের শুরুটা ছিল গর্ব করার মতো; এমনকি নিপসমের মতো প্রতিষ্ঠানের অস্তিত্ব সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় তখন অনুপস্থিত ছিল; কিন্তু নানা কারণে এরপর আমরা একে এগিয়ে নেয়ার পথটা হারিয়ে ফেলি।

এখনও প্রতিবছর নিপসম থেকে দেড়শ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে এমপিএইচ ও এমফিল ডিগ্রি অর্জন করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞে পরিণত হচ্ছে; কিন্তু এদের কাজে লাগানোর কোনো সমন্বিত ব্যবস্থা আজ পর্যন্ত করা যায়নি। জনস্বাস্থ্য নিয়ে এত কথা বলছিলাম জনস্বাস্থ্য শিক্ষার কারিকুলামে ওই ওয়ান হেলথের বিষয়াদি অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে।

স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষা বা অ্যানিম্যাল হাসব্যান্ডারি শিক্ষায় কিছুটা এবং স্নাতকোত্তর জনস্বাস্থ্য শিক্ষায় তা সামগ্রিকভাবে সন্নিবেশ করা প্রয়োজন। সেজন্য দেশে একটি জনস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আশু প্রয়োজন, যা হবে জনস্বাস্থ্যবিষয়ক সর্বোচ্চ বিদ্যাপীঠ; যা হবে জনস্বাস্থ্যবিষয়ক গবেষণার উর্বর ক্ষেত্র।

তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একটি সংকট এলে আমরা যতটা তাৎক্ষণিক তৎপরতা দেখাই, ততটা দীর্ঘমেয়াদি, টেকসই সমাধানের পথ অবলম্বন করি না। এডহক ভিত্তিতে চলতেই আমাদের প্রবণতা বেশি।

কিন্তু কোভিড-১৯সহ অন্যান্য জুনোটিক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থার পাশাপাশি মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ইকোসিস্টেম বিনষ্ট হওয়ার ক্রমবর্ধমান, অবহেলিত ঝুঁকিগুলোকে যথাযথ গুরুত্ব দেয়া প্রয়োজন।

তা না হলে আমাদের কেবলই অরণ্যে রোদন করে যেতে হবে; আমাদের মৌসুমি চেষ্টার ফলে হয়তো ঔষধি ফল লাভ সম্ভব হবে; কিন্তু সর্বঋতুতে কার্যকর ফল লাভ সুদূর পরাহতই থেকে যাবে।

বায়জীদ খুরশীদ রিয়াজ : চিকিৎসক; জনস্বাস্থ্য ও হাসপাতাল প্রশাসন বিশেষজ্ঞ