সদ্য প্রকাশিত
মতামত

অভিবাসীবান্ধব প্রক্রিয়াই একমাত্র সমাধান

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২২৭ মিনিট পড়া
অভিবাসীবান্ধব প্রক্রিয়াই একমাত্র সমাধান

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর গত ৯ আগস্ট মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের পদার্পণ ঘটল। এই যাত্রায় ৫৩ জন কর্মী গেল দেশটিতে। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে মালয়েশিয়ায় সরকারের পরিবর্তন হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগপ্রক্রিয়ায় অসদাচরণের ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর অনেক কাঠখড় পোড়ানোর পর দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার পরিবেশ সৃষ্টি হয় এবং মালয়েশিয়া নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়।

তবে করোনা মহামারি আলাপ-আলোচনার গতি কিছুটা মন্থর করলেও দুই দেশের মতৈক্যের ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর মাসে কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে এসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর তারই অনুসরণে এই দলটি প্রেরণের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হলো। আশা করি, সামনের দিনগুলোতে কমবেশি হারে ওই দেশটিতে আমাদের কর্মীদের যাত্রা অব্যাহত থাকবে।

এর কয়েক দিন আগে, এ মাসের ৪ তারিখে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন যে দুই দেশের প্রস্তুতি সত্ত্বেও মালয়েশিয়ায় পাঠানোর জন্য পর্যাপ্ত বাংলাদেশি কর্মী পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘মালয়েশিয়া প্রস্তুত, আমরাও প্রস্তুত। কিন্তু ওই দেশে পাঠানোর জন্য পর্যাপ্ত কর্মী পাচ্ছি না। এরই মধ্যে ১৩টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দুই হাজার ২০০ কর্মীকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমরা মালয়েশিয়ায় আরো কর্মী পাঠাতে চাই। ’ পর্যাপ্ত কর্মী না পাওয়ার কারণ জানতে চাইলে যারা কর্মী পাঠায় তাদের, অর্থাৎ রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে প্রশ্ন করতে মন্ত্রী মহোদয় সাংবাদিকদের অনুরোধ করেন। তবে তিনি বলেন, ‘তারা কেন পর্যাপ্ত কর্মী প্রস্তুত করতে পারছে না তা আমরাও জানতে চাই। আমরা বিষয়টি দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ’ তিনি আরো বলেন, ‘আমাদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সম্পূর্ণ উন্মুক্ত। অন্য দিক থেকে বিষয়টি এগোচ্ছে না বলেই কর্মী যাচ্ছে না। ’

এখন প্রশ্ন হচ্ছে, পর্যাপ্ত কর্মী কেন পাওয়া যাচ্ছে না? অন্য দিক থেকে বিষয়টি এগোচ্ছে না বলতে তিনি কী বলতে চেয়েছেন? এই পরিস্থিতি সৃষ্টির পেছনে কী কী কারণ রয়েছে? এমনটি যে হতে পারে তা কি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনে কখনো উদয় হয়নি? এ ক্ষেত্রটার নিয়ন্ত্রণে যে কতগুলো নিয়ামক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে তা অবশ্যই তাঁদের নখদর্পণে থাকার কথা। সেসব বিষয়ে খুঁটিনাটি জানা থাকলে এ ধরনের সমস্যা উদ্ভব হওয়ার কথা নয়। তবে ওই সমস্যা থেকে বের হওয়ার পথও খুব বেশি কঠিন নয় বলে আমার ধারণা। শুধু কর্মী প্রেরণ যেভাবে চলছে সেখানে ‘বিশেষ সুবিধা’র সুযোগ করে দিতে হবে, তাতে হয়তো কর্মীদের অভিবাসন খরচ সামান্য বেড়ে যেতে পারে। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা হামেশাই করা হচ্ছে। কর্মীদের চেতনায় তা খুব একটা নাড়া দেয় বলে মনে হয় না। এ ব্যাপারে তারা সব সময়ই দুই হাতে টাকা খরচ করেছে।

তবে এ ক্ষেত্রে আমাদের কর্মী নির্বাচন পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বিএমইটির ডাটাব্যাংক থেকে কর্মী নির্বাচন করা হয়, তাহলে ‘বিশেষ সুযোগ’ দেওয়ার ব্যবস্থা করা যাবে না। যেমন—২০১২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে ‘জিটুজি’ পদ্ধতিতে সেটি সম্ভব হয়নি। যদি রিক্রুটিং এজেন্সি সরাসরি কর্মী সংগ্রহ করে মালয়েশিয়ায় প্রেরণ করে, তাহলে সব ব্যবস্থা করাই সম্ভব হবে। ২০১৬ সালে যেমনটি করা গিয়েছিল ‘জিটুজি প্লাস’-এর মাধ্যমে। সে সময় ১০টি এজেন্সির ওই সিন্ডিকেটের (মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার পত্রিকা যার নাম দিয়েছিল ‘সংগঠিত পাচার সিন্ডিকেট’) পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়ে হলেও দুই বছরে লক্ষাধিক কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে পেরেছিল। যাই হোক, সার্বিক অবস্থা বিবেচনা করেই আমাদের কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় ঠিক করবেন বলে মনে করি।

এ প্রসঙ্গে বলতে চাই যে ‘জিটুজি’ পদ্ধতি নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনাকালে আমরা তাদের আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে ওই পদ্ধতিতে কোনোভাবে হলেও সম্পৃক্ত করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা এ ব্যাপারে অনড় থাকায় সেটি করা সম্ভব হয়নি। তাদের একটাই ভয় ছিল রিক্রুটিং এজেন্সি যুক্ত হলে দরিদ্র কর্মীদের শোষণ করার সুযোগ দেওয়া হবে এবং অভিবাসন ব্যয় অনেক বেড়ে যাবে, যা আমরা সাধারণত ভাবতে চাই না। আর রিক্রুটিং এজেন্সি যুক্ত না হলে আমাদের ভয় ছিল এতে পর্যাপ্ত কর্মী প্রেরণ বাধাগ্রস্ত হতে পারে। মূলত সেটিই তখন ঘটেছিল এবং সে কারণে ‘জিটুজি প্লাস’ নামের সিন্ডিকেট পদ্ধতির উদ্ভব ঘটে, কর্মীদের অভিবাসন ব্যয় বহুগুণ বেড়ে যায়।

জিটুজি পদ্ধতিতে কেন পর্যাপ্ত কর্মী থাকা সত্ত্বেও মালয়েশিয়ার নিয়োগকারীরা কর্মী নিতে এগিয়ে আসেনি তার কিছু কারণ উল্লেখ করা প্রয়োজন, যাতে বর্তমানে যে আশঙ্কা দেখা যাচ্ছে তার প্রতিকারের ব্যবস্থা করা যায়। আমাদের দেশের প্রায় সব এজেন্সির সঙ্গেই মালয়েশিয়ার অনেক প্রভাবশালীর সম্পর্ক রয়েছে। বঞ্চিত রিক্রুটিং এজেন্সিগুলো বিভিন্ন উপায়ে মালয়েশিয়ান নিয়োগকারীদের, বিশেষ করে মাঝারি ও ছোট আকারের নিয়োগকারী প্রতিষ্ঠানের যোগসাজশে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে অনীহার সৃষ্টি করতে পারে। কর্মী সরবরাহ এবং মালয়েশিয়ান নিয়োগকারীদের পক্ষে স্থানীয় দাপ্তরিক কাজকর্মে ‘দালাল’-এর ভূমিকা সবারই জানা। এ ছাড়া রাজনৈতিক প্রভাবও এ ক্ষেত্রে কাজ করে। বর্তমানের নির্বাচিত ২৫টি রিক্রুটিং এজেন্সির মালিক যদি সরকারি দলের সমর্থকদের হয়, তাহলে এমন কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শুনতে ভালো না লাগলেও অর্থের লেনদেনের কথাটাও এসে যায়। আমাদের জানা মতে, শুধু প্রভাবশালী নেতাদেরই নয়, অনেক নিয়োগকারীকেও আগাম অর্থ দিয়ে রিক্রুটিং এজেন্সিকে চাহিদাপত্র সংগ্রহ করতে হতো। এসব কারণে জিটুজি পদ্ধতি মালয়েশিয়ায় কর্মীর যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও সফল হতে পারেনি।

এদিকে গত ১৩ তারিখে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী প্রেরণের উদ্দেশে নিজেদের প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার জন্য ওই দেশের মন্ত্রী ও সংসদ সদস্যদের শরণাপন্ন হয়েছে। বিষয়টি সে দেশের প্রধানমন্ত্রী অবধি পৌঁছেছে। তাদের এ প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনাই বেশি। আর তা ঘটলে আগের করা ২৫ জনের তালিকাটি বর্ধিত হয়ে হয়তো দ্বিগুণ আকার পেতে পারে। কারণ মালয়েশিয়া ও বাংলাদেশের স্বার্থান্বেষী মহল আমাদের ‘অভিবাসী কর্মীদের’ নিয়ে খেলতে খুব পছন্দ করে। এ খেলায় যে ‘মজা’ আছে। এ মজার ভাগাভাগিতে একটু বড় আয়োজন হলে ক্ষতি কী? আর দোষেরই বা কী আছে? এমনটিই তো আমরা দেখে আসছি। কর্মীদের কল্যাণের জন্য কেউ কি ভুল করেও একটু ভেবে থাকেন?

উল্লিখিত প্রতিবেদনে ভদ্রতা, শিষ্টাচার ও আদব-কায়দার কোনো তোয়াক্কা না করার কথা বলা হয়েছে। এখানে দেশের ‘ইমেজ’ নষ্ট হওয়ার বিষয়টিও এসেছে। একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখলে এই শব্দগুলোর উত্থাপন প্রয়োজন হতো বলে মনে হয় না। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা টিকিয়ে রাখার বা প্রসার ঘটানোর জন্য নানা উদ্যোগ নিয়ে থাকবেন—এটাই স্বাভাবিক। যেখানে সরকার মালয়েশিয়ার নির্দিষ্ট করে দেওয়া ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা বড় করতে ব্যর্থ হয়েছে, সেখানে রিক্রুটিং এজেন্সির কেউ কেউ যদি নিজেদের প্রচেষ্টায় সেই সুযোগটাকে একটু বড় করতে পারে, সেটি কি শিষ্টাচার বা ভদ্রতাবহির্ভূত কাজ হয়ে যায়? অন্যান্য দেশে কর্মী পাঠাতে কী করা হয়? আজকে বাংলাদেশের একজন পোশাক রপ্তানিকারক যদি নিজের চেষ্টায় বিদেশের কোনো ক্রেতা জোগাড় করতে পারেন, সেটি কি খারাপ কিছু করা হবে? যদি সে ক্ষেত্রে আমরা উৎসাহ প্রদান করি, তাহলে রিক্রুটিং এজেন্সি একই কাজ করলে কেন দোষের হবে? তারাও তো সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে নেমেছে?

আমার তো মনে হয় ৫০টি কেন, সব রিক্রুটিং এজেন্সি যদি এ সুযোগ করে নিতে পারে, তাহলে অধিকসংখ্যক কর্মী যাওয়ার সুযোগ হবে, বাজারটি হবে আরো প্রতিযোগিতামূলক। এ কথা সত্য, এতে কর্মীদের স্বার্থ সংরক্ষিত হয় না। আসলে বিদেশগামী কর্মীদের সুষ্ঠু অভিবাসনপ্রক্রিয়ায় পাঠানোই হচ্ছে গুরুত্বপূর্ণ, কর্তৃপক্ষকে সেদিকেই মূলত দৃষ্টি দিতে হবে। আমাদের কাজ করতে হবে কর্মী নির্বাচনপ্রক্রিয়ায়, যাতে রিক্রুটিং এজেন্সি কর্মীদের শোষণ করার সুযোগ না পায়, ন্যূনতম খরচে কর্মীরা বিদেশ যেতে পারে। ‘অভিবাসীবান্ধব’ প্রক্রিয়া অনুসরণ করলে রিক্রুটিং এজেন্সির সংখ্যা কোনো ইস্যু হয়ে দাঁড়ায় না। তবে এজেন্সিগুলোকে সার্বক্ষণিক মনিটর করার প্রয়োজনীয়তা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের সব রিক্রুটিং এজেন্সিকে নিয়ে একটি সুষ্ঠু ও শোষণমুক্ত ‘অভিবাসীবান্ধব’ পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী প্রেরণই হবে সব সমস্যার একমাত্র সমাধান। অন্যথায় এ রকমটি ঘটতেই থাকবে।

লেখক : সাবেক রাষ্ট্রদূত ও সচিব

 

সূত্রঃ কালের কণ্ঠ