সিল্কসিটিনিউজ ডেস্ক :
গ্রামীণফোনের গ্রাহক ভদ্রলোক। অপারেটরটি হতে ১৪ দিন মেয়াদে ৮ জিবি ডেটার একটি প্যাকেজ কিনেছেন। প্যাকেজটির দাম ৩৯৯ টাকা। ১৩ দিনে সাড়ে ৪ জিবি ব্যবহার করেছেন। ওই দিনই তিনি নতুন করে এক জিবি’র একটি প্যাকেজ কেনেন। কিন্তু দুটির ডেটা ভলিউম আর যোগ করা হয়নি।
মোবাইলে অপারেটরটির প্যাকেজ সংক্রান্ত এসএমএস দেখিয়ে তিনি বলেন, ওরা আগের প্যাকেজের ডেটা ভলিউম অব্যবহৃত রেখেই নতুন এক জিবি’র ডেটা খরচ করতে শুরু করেছে। প্রথম প্যাকেজটির ১৪ দিন মেয়াদ শেষে অব্যবহৃত সাড়ে তিন জিবি রয়ে গেল অথচ নতুন প্যাকেজের অর্ধেক ডেটা শেষ।

গ্রাহকদের এই ধরনের অভিযোগ অনেক দিনের। তারা বলছেন-প্রথম প্যাকেজের মেয়াদ আছে, ডেটাও আছে এমন অবস্থায় আরেকটি প্যাকেজ কিনলে প্রথম প্যাকেজের ডেটা রেখে নতুন কেনা প্যাকেজের ডেটা কেটে নেয়া হয়। পুরোনো অবশিষ্ট ডেটা নতুন প্যাকেজে যোগও হয় না ।
বিষয়টি নিয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল টেকশহরডটকমকে জানান, ‘গ্রামীণফোন বিটিআরসির নির্দেশিত নীতিমালা অনুসরণ করে থাকে। একজন গ্রাহক বিদ্যমান প্যাকেজের মেয়াদ থাকা অবস্থয় পুনরায় প্যাকেজটি যতবার ক্রয় করেন, গ্রামীণফোন প্রতিবারই তা পরবর্তী প্যাকেজর সাথে যোগ করে থাকে।’
সূত্র : টেকশহর









