সদ্য প্রকাশিত
মতামত

অবাধ্য গণপরিবহন খাত বশীকরণ মন্ত্র

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০২০৬ মিনিট পড়া
অবাধ্য গণপরিবহন খাত বশীকরণ মন্ত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যে কোনো বেসরকারি খাতেরই একটি সরকারি নিয়ন্ত্রক সংস্থা থাকে। আমাদের দেশে সরকারি বিআরটিসির কয়েকটি পরিবহন বাদ দিলে গণপরিবহন খাতকে পুরোপুরি বেসরকারিই বলা চলে। তবে বৃহৎ এ বেসরকারি খাতের সরকারি নিয়ন্ত্রক সংস্থা কে- এ প্রশ্নের উত্তরে সবার মতো আমিও বিভ্রান্ত হই।

আসলে আমাদের দেশের গণপরিবহন খাত এক অপরাজেয় বীর- ডরে না, কারও ধার ধারে না, কারও কাছেই হারে না! সরকারের রক্তচক্ষু, প্রচলিত আইন-আদালত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ, বিআরটিসি, ট্রাফিক পুলিশ, যাত্রীকল্যাণ সমিতি, সাধারণ যাত্রী- কারও তোয়াক্কাই যেন করে না তারা।

তার কয়েকটি বড় উদাহরণ হচ্ছে- ২০১৭ সালে ঢাকা শহরে বাসে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণার প্রতিবাদে মালিক সমিতির অঘোষিত ধর্মঘট, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের বিরুদ্ধে দেশজুড়ে পরিবহন কর্মীদের নৈরাজ্য এবং সর্বশেষ গেল বছরের নভেম্বরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের প্রতিবাদে আইন ও জনবিরোধী ন্যক্কারজনক ধর্মঘট।

যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা হলেও তার কিছু সামাজিক দায়বদ্ধতাও থাকে। এ দায়বদ্ধতা থেকেই ব্যাংক খাতের ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি স্কিম চালু করেছে, ঠোঁটকাটাদের চিকিৎসা করিয়ে যাচ্ছে বিনা খরচে। প্রতি শীতেই প্রায় প্রতিটি ব্যাংকই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীতার্ত মানুষের জন্য লাখ লাখ শীতবস্ত্র দান করে যাচ্ছে।

তবে এসব দায়বদ্ধতা স্বপ্রণোদিত। আবার অনেক ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতাও থাকে। যেমন- ব্যাংকের বিগত বছরের নিট আয়ের দশ শতাংশ বা ততোধিক সিএসআর খাতে খরচ করার বিধান করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে গণপরিবহন খাতে সামাজিক দায়বদ্ধতার এমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না।

যে কোনো দুর্ঘটনা- সেটা পরিবহন খাতের কারও দোষে হলেও দুর্ঘটনায় মারা যাওয়া বা আহত হওয়া ব্যক্তিকে আর্থিক কোনো ক্ষতিপূরণ বা অনুদান, এমনকি সহমর্মিতাটুকুও জানাতে দেখা যায় না পরিবহন খাতের কাউকে; উল্টো ক্ষতিপূরণ বিষয়ে উচ্চ আদালতের রায়কে ভ্রুক্ষেপ না করতে দেখা যায়। দোষী চালকদের শাস্তি বাতিল বা কমানোর দাবিতে আন্দোলন করে দেশ অচল করে দেয়ার ঘটনাও আছে।

সেবাখাতের উৎকর্ষের আরেকটি পূর্বশর্ত হচ্ছে কর্মীদের জবাবদিহিতা। কিন্তু পরিবহন খাতে এর বিন্দুবিসর্গ আছে বলেও মনে হয় না; যার একাধিক নজির রয়েছে আমাদের হাতে। এ খাতের কোনো কর্মী কোনো অন্যায় করলে তার শাস্তি কার্যকর না করে উল্টো সবাই তার পক্ষ নিয়ে অন্যসব পক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়।

পরিবহন ধর্মঘটে অ্যাম্বুলেন্স আটকে শিশু বাচ্চাকে মেরে ফেলার ঘটনাও আছে। পরিবহন মালিক, শ্রমিক নেতা এবং সাধারণ পরিবহন শ্রমিকদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হতে দেখেছি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার একাধিক সংবাদকর্মীকে।

আমার নিজের চোখে দেখা- বাসের চালকের সঙ্গে পুলিশ কর্মকর্তার কথা কাটাকাটির এক পর্যায়ে বাস চালককর্তৃক পুলিশ কর্মকর্তার গায়ে হাত তুলতে। কাউন্টারে থাকা অন্যান্য বাস শ্রমিকরা মধ্যস্থতা বা মীমাংসার চেষ্টা না করে তারাও চালকের সহযোগী হয়ে পুলিশ কর্মকর্তাকেই গণপিটুনি দিল!

আমার বিশ্বাস, অন্য যে কোনো পেশার যে কেউ হলে এ বিষয়টিতে মধ্যস্থতা করত। আর মধ্যস্থতা না করলেও পুলিশের গায়ে হাত তোলার মতো চরম স্পর্ধা কেউ দেখাত না। এত সাহস এরা কোথায় পায়? ওদের অপশক্তির উৎস কোথায়?

সম্ভবত, আমাদের রাষ্ট্রীয় অসহায়ত্ব ও অতিমাত্রায় পরিবহন নির্ভরশীলতাই ওদের এ অপশক্তির উৎস। তাই একের পর এক নৈরাজ্য সৃষ্টিকারী ঘটনায় ওরা পার পেয়ে যাচ্ছে। কোনো কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল এমনকি কয়েক মিনিটের ছোট ও সংক্ষিপ্ত পথসভায়ও পুলিশকে হামলে পড়তে দেখি।

কিন্তু সাধারণ যাত্রীদের গায়ে-মুখে পোড়া মবিল মেখে দেয়া, রাস্তা ব্লকেড দেয়া, মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স থামিয়ে দেয়া- অবাধ্য পরিবহন শ্রমিকদের দমনে পুলিশের ভূমিকা দেখতে পাই না। পরিবহন শ্রমিকরা কি পুলিশেরও পুলিশ? ওদের জন্য কি কোনো আইন-আদালত থাকতে নেই? নাকি আইন হতে হবে ওদের নিজের মতো- ‘আমি জজ, আমিই ব্যারিস্টার’।

হচ্ছে তো তা-ই। ওদের আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হওয়ার পরও তা কার্যকর হতে হতেই চলে গেল এক বছর। আবার কার্যকর করার পরও প্রয়োগের আগে আরও গেল ২ সপ্তাহ সচেতনতা তৈরিতে। তারপর যখন আইনটি প্রয়োগ হয়েই গেল, অমনি হেঁচকা টান খেয়ে মুখ থুবড়ে পড়ল।

চালকদের লাইসেন্সের জন্য পেয়ে গেল ৭ মাসের মতো সময়। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আইনটি প্রয়োগে শিথিলতা দেখাতে নির্দেশ দেয়া হল সংশ্লিষ্ট পক্ষগুলোকে। কিন্তু এতেও পরিবহন শ্রমিক-মালিকদের বাগে আনা গেল না। তারা দেশ অচল করে দিল ধর্মঘটে। পরে আইনটি অকার্যকর করেই ওরা থামল!

অত্যন্ত ন্যায্য সরকারি কোনো পদক্ষেপও যদি ওদের স্বার্থবিরোধী হয়, তারা সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের মানুষকে জিম্মিদশায় নিয়ে পুরো দেশ অচল করে দেয়ার মিশনে নামে। এটা কখনই দাবি আদায়ের কোনো সুশীল প্রক্রিয়া হতে পারে না; এটা স্রেফ সন্ত্রাস- পরিবহন সন্ত্রাস, যা অস্ত্রবাজির চেয়ে কম ধ্বংসাত্মক নয়।

এভাবে দেশের মানুষ বারবার ওদের স্পর্ধা দেখে যাচ্ছে। কিন্তু দেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি বারবার বৃদ্ধাঙুলি প্রদর্শনের স্পর্ধা দেশের জন্য অশনিসংকেত। কারণ অপরাধের শাস্তি নির্ধারণের দায়িত্ব যদি অপরাধীকেই দেয়া হয়, তাহলে একজন ধর্ষক নিশ্চয় ধর্ষণের শাস্তি কখনই মৃত্যুদণ্ড নির্ধারণ করবে না।

একইভাবে অপরাধীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করেও যদি শাস্তি নির্ধারণ করা হয়, তাহলে সেই শাস্তি আসলে অপরাধ প্রতিরোধের বদলে অপরাধকে উৎসাহিত করবে। আর সর্বোপরি যে আইনের নিজস্ব কোনো চলৎশক্তি নেই এবং যে আইন কোনো বিশেষ পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত, সে আইনের প্রণয়নও অর্থহীন।

অবাধ্য এ গণপরিবহন খাত বশীকরণ মন্ত্র আমারও জানা নেই। মন্ত্র যারা জানেন, শক্তিধর সেসব জাদুকররাই সাহস পান না; আমার কথায় কী-ই বা আসবে যাবে। এরপরও কিছু প্রত্যাশা রাখতে চাই। যদিও তা কারও চর্মচোখে পড়বে কিনা, কারও কর্ণকুহরেই বা ঢুকবে কিনা! নিচের প্রস্তাবগুলো ভেবে দেখা যেতে পারে।

এক. পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সব ধরনের সংগঠন নিষিদ্ধ করা; দুই. সারা দেশে দূরপাল্লা ও স্বল্পপাল্লার সরকারি (বিআরটিসির) বাস সংখ্যা বাড়ান। প্রতি জেলা শহর থেকে বিভাগীয় শহরমুখী অন্তত পাঁচটি করে বিআরটিসির বাস চালু করা এবং স্বল্পপাল্লার বিআরটিসি বাস সংখ্যা বর্তমানের চেয়ে তিনগুণ করা; তিন. পরিবহন ধর্মঘট নিষিদ্ধ করা।

পরিবহনে সার্টিফাইড বা পরীক্ষিত কোনো ত্রুটি ছাড়া ধর্মঘট ডেকে টানা ৩ দিন সড়কে না চলা বাসের রুট পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধান করা; চার. ধর্মঘটে অংশ নেয়া চালক ও শ্রমিকের লাইসেন্স বাতিলের পাশাপাশি জনভোগান্তির অপরাধের আওতায় শাস্তি ও জরিমানার বিধান করা; পাঁচ. ধর্মঘট মোকাবেলার সাময়িক কৌশল হিসেবে ধর্মঘট চলাকালীন হাসপাতাল ও জরুরি সেবার প্রতিষ্ঠান বাদে সব সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা; ছয়. ধর্মঘটে যাদের নেতৃত্ব বা ইন্ধন প্রমাণিত হবে, তাদের বাণিজ্যিক ও ব্যক্তিগত সব পরিবহনের (বাস, ট্রাক, প্রাইভেট কার ইত্যাদি সব ধরনের যান) রুট পারমিট বাতিল করে তাদের কালো তালিকাভুক্ত করা যাতে ভবিষ্যতে তারা আর কখনই কোনো পরিবহনের মালিক না হতে পারে; সাত. ধর্মঘটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেতৃত্ব বা ইন্ধনদাতাদের গ্রেফতার করে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গে উসকানি এবং অরাজকতা সৃষ্টির অপরাধে ফৌজদারি মামলা দেয়া এবং ধর্মঘটে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিপূরণ হিসেবে তাদের মালিকানাধীন সব পরিবহন ও সম্পদ বাজেয়াপ্ত করা; আট. ইন্ধনদাতাদের রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে তাদের চিহ্নিত করে তাদের ছবি, পরিচিতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একযোগে প্রচার করা এবং বিআরটিএ, বিআরটিসি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সার্বক্ষণিক প্রদর্শন করা।

মোশারফ হোসেন : ব্যাংকার

mosharafmau.200117@gmail.com