সিল্কসিটিনিউজ ডেস্ক:


ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে অধ্যাপক ড. জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের চাঁদপুর আদালতে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে শাহারাস্তি বিচারক ও আমলী আদালতে মামলাটি করেন মানবাধিকার সংস্থা ইউইউএইচআরবিএফ’র বিভাগীয় চেয়ারম্যান খন্দকার মো. শামসুল আলম।
মামলায় এজাহারে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান গত ২০ অক্টোবর রাতে বেসরকারি স্যাটেলাইন চ্যানেল ডিবিসি টিভির টক শো-তে ‘ধর্মের অপব্যাখায় জঙ্গিবাদ’ শিরোনাম অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করেন। টক শো-তে তিনি মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত নির্দেশ ও শিক্ষা অনুযায়ী পরস্পর সাক্ষাতে শুদ্ধভাবে সালাম (আসসালামু আলাইকুম) দেওয়াকে এবং সাক্ষাত শেষে পরস্পর বিদায় নিতে বা একে অপরকে বিদায় জানাতে ‘আল্লাহ হাফেজ’ সমীহভাবে বলাকে জঙ্গিবাদের সঙ্গে এবং নির্দিষ্ট একটি ইসলামিক রাজনৈতিক দল এবং অন-ইসলামিক রাজনৈতিক নীতি ও মাসালার সঙ্গে সম্পৃক্ত করেছেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে বলে বাদী মনে করছেন।
মামলার এজাহারে আরও বলা হয়, আসামির দেওয়া গর্হিত ও নিন্দনীয় ধর্মীয় বিদ্ধেষমূলক বক্তব্য মুহূর্তের মধ্যে অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার পর সমগ্র দেশে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে নিন্দার ঝড় বইছে।
এর আগে গত ২৫ অক্টোবর ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলা আমলে নেন আদালত। মামলা দুটির বাদী ছিলেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও আইনজীবী ইমরুল হাসান।
সূত্র: আমাদেরসময়









