সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনেই ১২ বার সতর্কতা জারি করা হয়।
শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আরও তিনটি সতর্কতা জারি করা হয়। ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা, জিজান ও খামিস মুশাইত এলাকায় এসব সতর্কতা দেওয়া হয়। খামিস মুশাইতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা ৪৯ মিনিট থেকে বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত ১২টি সতর্কবার্তা জারি করা হয়। তবে বেশিরভাগ সতর্কতাই কয়েক মিনিটের মধ্যে প্রত্যাহার করা হয়।
এদিকে, বৃহস্পতিবার হুতিদের হামলায় সৌদি রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির সাত ও আটতলার জানালা ভেঙে যায়। বাইরের ধাতব আবরণের কিছু অংশও বেঁকে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হুতিরা রিয়াদের আর্থিক এলাকায় দুই দফা হামলার দাবি করেছে। এ ছাড়া কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।










