সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ৫ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা ও দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক সোহরাব হোসেনের বসতবাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে গত প্রায় এক মাস পূর্বে বন্ধ করে দেয় পার্শ্ববর্তী শাহজাহান ও তার লোকজন। ওই ঘটনায় গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে সংবাদ সংগ্রহে যান স্থানীয় ৮ সাংবাদিক।
সেই সময় সাংবাদিকরা উটখাড়ার হাকিম মিয়ার চা দোকানে বসে ঘটনার খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় সাংবাদিকদের উপস্থিতির সংবাদে উটখাড়া সাহেব বাড়ির শাহজাহানের (৫০) নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন সশস্ত্র হামলা চালায়। সাংবাদিকরা তাদের ওপর হামলার কারণ জানতে চাইলে কোনো জবাব না দিয়েই তাদের বেধড়ক মারধর করে এবং তাদের মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
হামলায় আহত হন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার ৮ সাংবাদিক। তাদের মধ্যে গুরুতর আহত দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেসার উদ্দিন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া একই ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেনের (৫০) মাথা ফাটিয়ে দেয়, সোহরাবের মা নার্গিস বেগম (৪২), স্ত্রী বৃষ্টি আক্তারকে (২০) পিটিয়ে মারাত্মক আহত করে এবং তার ছোট বোন রুমি আক্তারের (১৮) হাত ভেঙে দেয়।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটি মামলা হয়েছে। আসামি গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে।
সূত্র: যুগান্তর









