সিল্কসিটিনিউজ ডেস্ক:
ময়মনসিংহে লরিকে প্রাইভেটকারের ধাক্কায় নবদম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীবাড়ি এলাকার রণজিৎ কুমার সিংহের ছেলে অভিজিৎ সিংহ (৩০) ও তার স্ত্রী মনি সিংহ (২২)। অভিজিত ময়মনসিংহ পৌরসভার কর্মচারী ছিলেন। গত দুই মাস আগে অভিজিৎ ও মনি সিংহের বিয়ে হয়।
এ ছাড়া দুর্ঘটনায় ময়মনসিংহ ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল হক আরিফ এবং অপর যাত্রী মফিজ উদ্দিনকে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, স্থানীয় বাইপাস মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি তেলের লরিকে পেছন দিক থেকে ওই প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে চালকসহ প্রাইভেটকারের পাঁচযাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী ও স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যুগান্তর










