সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাবিতে ছাত্রলীগের দু‘গ্রুপে উত্তেজনা

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া
রাবিতে ছাত্রলীগের দু‘গ্রুপে উত্তেজনা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় মারামারির জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতা সাকিবুল হাসান বাকিকে হুমকি দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানান, রোববার (২ অক্টোবর) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় নবাব আব্দুল লতিব হলে অভিযুক্ত সাকিব ও তার বন্ধুদের সাথে ওই ছাত্রীর বন্ধুদের মারামারি হয়। ছাত্রীর বন্ধু ও নিজ কর্মী এরশাদুল হক সেখানে আছেন জেনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য সাকিবুল হাসান বাকি ঘটনাস্থলে যান।

 

পরে সেখানে ভারপ্রাপ্ত সভাপতি, সম্পাদক ও পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় সাকিব ও তার বন্ধুদের ছাত্রলীগ নেতা বাকি ও অন্যদের নামে বিরুদ্ধে থানায় জিডি করার পরামর্শ দেন রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব। বিষয়টি জানতে পেরে সোমবার সন্ধ্যায় বাকির অনুসারীরা সাকিব ও তার বন্ধু আলমকে বিশ্ববিদ্যালয়ের জিনসেয়িাম থেকে ধরে মাদার বখস হলে নিয়ে আসেন। এরপর জিডির বিষয়টি জানতে তাদের কয়েকটি চড়থাপ্পর মারেন বাকির অনুসারীরা।

 

জিডির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাকি বিষয়টি মুঠোফোনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা বিপ্লব মাদার বখ্শ হলের সামনে এসে বাকিকে হুমকি-ধামকি ও অকথ্য ভাষায় গালি-গালাজ দেন। এ সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সহকারী প্রক্টর ও পুলিশ উপস্থিত হয়। পরে হলের অতিথি কক্ষে বসে বিষয়টি মীমাংসা করা হলেও উভয় গ্রুপের মধ্যে ক্ষোভ রয়ে গেছে।

 
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা বাকি বলেন, ‘আমার বিরুদ্ধে থানায় জিডি করার পরার্শমের বিষয়টি সভাপতিকে জানলে দলীয় নেতা বিপ্লব ভাই এসে আমাকে হুমকি-ধামকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। পরে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।’ দুই শিক্ষার্থীকে মারধরের বিষয়টি অস্বীকার করে বাকি বলেন, ‘কে বা কারা আমার বিরুদ্ধে থানায় জিডি করতে বলেছে-সেটি জানতে তাদের ডাকা হয়েছিল।’
এ বিষয়ে সাংবাদিকরা বক্তব্য জানতে চাইলে ছাত্রলীগ নেতা খালিদ হাসান বিপ্লব উত্তেজিত হয়ে বলেন, ‘এখানে তেমন কিছু হয়নি। নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবোঝি হয়েছিল, সেটি মিমাংসা হয়ে গেছে।’

 
ঘটনাস্থলে উপস্থিত নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা হয়েছিল। পরে সেটি মিমাংসা হয়ে যায়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।’

 
এদিকে এ ঘটনার সময় ছাত্রলীগ নেতা বিপ্লবের হয়ে বহিরাগত মিনার নামের এক যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন। পরে চিনতে না পারায় এ ঘটনা ঘটিয়েছে বলে দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করে বহিরাগত মিনার।