নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীর শাস্তি দাবিতে ঢাকায় মানববন্ধন ও মোমাবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এ কর্মসূচি পালন করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।

মানববন্ধনে আকতার জাহান জলি ও তার সন্তান সোয়াদকে নির্যাতনের অভিযোগে জলির সাবেক স্বামী তানভীর আহমদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের দাবি জানানো হয়।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আত্মহত্যার ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এ বিষয়ে প্ররোচনাকারীর বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু মামলার তেমন কোনও অগ্রগতি হয়নি। দ্রুত তদন্তের মাধ্যমে প্ররোচনাকারীকে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক হেলেনা ফেরদৌসী, বিভাগের সহকারী অধ্যাপক দিল আফরোজা খাতুন, আমেনা খাতুন, একুশে টেলিভিশনের সাংবাদিক আরিফ রেজা মাহমুদ টিটো, এনটিভির সাংবাদিক আরাফাত সিদ্দিক প্রমুখ।
মানববন্ধনে ঢাকায় কর্মরত বিভাগের অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়। পরদিন ময়নাতদন্তের পর আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান রতন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নগরীর মতিহার থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
স/আর










