জাতীয়

রাজধানীতে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনন্ত টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ১০০ ফিট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের স্কুল বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পর জ্বলন্ত বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম সন্ধ্যা ৭টার দিকে বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। গত কয়েক দিনে রাজধানীতে অন্তত ৮টি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। রবিবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।