সদ্য প্রকাশিত
মতামত

ভাষাসংগ্রামীদের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন

নিউজ ডেস্ক২৯ ফেব্রুয়ারি ২০২০৫ মিনিট পড়া
ভাষাসংগ্রামীদের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যে কোনোভাবে বিশ্লেষণ করলে বলা যায়, ভাষাসৈনিকরা বাংলাদেশের স্বাধীনতার অগ্রদূত। ভাষাসৈনিকরা মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়ে এবং কঠোর নির্যাতনের শিকার হয়ে স্বাধীনতার দ্বার উন্মোচন করেছেন।

৫২-এর ঐতিহাসিক ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬-এর ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান ও স্বাধিকার আন্দোলন এবং ৭০-এর নির্বাচন এক ঘটনাবহুল অধ্যায়। এর ধারাবাহিকতায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, যা মহান ভাষা আন্দোলনেরই ফল। অন্য কথায় বলতে গেলে, ভাষা আন্দোলনই স্বাধীনতার পটভূমি ও গোড়াপত্তন রচনা করেছে।

ভাষা আন্দোলনের পথ ধরেই আমাদের স্বাধীনতা, যা একুশেরই সুবর্ণ ফসল। কাজেই ভাষাসৈনিকরা প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী। তারা জাতীয়ভাবে স্বীকৃতি ও সম্মান পাওয়ার অধিকারী এবং সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার দাবিদার। মুষ্টিমেয় এ ভাষাসৈনিকদের প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী হিসেবে সম্মান ও সুযোগ-সুবিধা দিয়ে জাতীয়ভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানানো বাঞ্ছনীয় হলেও আজ পর্যন্ত তারা তা থেকে বঞ্চিত। বর্তমানে অল্পসংখ্যক ভাষাসৈনিক জীবিত আছেন।

তাদের মধ্যে কেউ কেউ আর্থিক অসচ্ছলতায় কালাতিপাত করছেন, উপযুক্ত চিকিৎসার অভাবে নানা রোগে ভারাক্রান্ত, দুঃখ-বেদনায় ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছেন। তাদের প্রতি সুনজর দেয়া সরকার ও দেশবাসীর নৈতিক দায়িত্ব হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।

ভাষা আন্দোলনের ৬৮ বছর অতিক্রান্ত হয়েছে। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি, যারা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য কঠোর নির্যাতনের শিকার হয়েছি। ১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো সঙ্গত কারণে যথোপযুক্ত বিবেচনায় ঐতিহাসিক মহান ভাষা আন্দোলন দিবস একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করায় তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে।

ভাষা আন্দোলনের আনুষ্ঠানিক বিজয়ের পর এটি বাঙালি জাতির আরেকটি মহৎ বিজয় অর্জিত হল। মে দিবস, নারী দিবস, মানবাধিকার দিবসের মতো বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিশ্বব্যাপী পালিত হচ্ছে জগৎবাসীর স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এটি আমাদের জন্য পরম গৌরবের বিষয়।

এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ভাষা আন্দোলনের বীর সেনানী, বীর সংগ্রামীরা তাদের অনন্য অবদানের জন্য সরকারিভাবে কোনোরূপ সুযোগ-সুবিধা পাচ্ছেন না। উল্লেখ্য, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা উভয়ই দেশের জন্য নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করেছেন ও আত্মবিসর্জন দিয়েছেন দেশকে ভালোবেসে, কোনোরূপ ব্যক্তিগত ও বৈষয়িক প্রতিদানের আশায় নয়।

এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয়- এটি স্বীকৃত সত্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক উভয়ই বাংলাদেশের রূপকার, বীর সূর্যসন্তান। অবদানের জন্য যদি সরকারিভাবে কিছু করা হয় তবে উভয়ই সমভাবে সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী; কিন্তু মুক্তিযোদ্ধাদের আর্থিক সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে মূল্যায়ন করা হলেও ভাষাসৈনিকদের আর্থিক সুবিধাসহ অন্যান্য কোনো সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না- কতিপয় ভাষাসৈনিকদের একুশে পদক প্রদান ছাড়া। অবদানের স্বীকৃতি স্বরূপ যখন সরকার এক পক্ষকে সুবিধা দিচ্ছেই, তা একপেশে কেন বা বৈষম্য কেন; অন্য পক্ষের ব্যাপারে এ প্রশ্নের উদ্রেক হওয়াটা স্বাভাবিক।

এ প্রসঙ্গে প্রকৃত ভাষাসৈনিকদের তালিকা প্রস্তুত নিয়ে দ্বিধার কথা শোনা যায়। ভাষাসংগ্রামীদের তালিকা হয়নি আজও। যতদূর জানা যায়, ২০১০ সালে অ্যাডভোকেট মনজিল মোরসেদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তালিকা তৈরির নির্দেশ দিলে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে তৈরিকৃত তালিকাটি পূর্ণাঙ্গ না হওয়ায় ও বিতর্কিত হওয়ায় এ ব্যাপারে ভাষাসৈনিক আহমদ রফিককে আহ্বায়ক করে অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক মুনতাসীর মামুনসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল; কিন্তু সেই কমিটির মাত্র একটি বৈঠক হওয়ার পর আর কোনো অগ্রগতি হয়নি।

তালিকা প্রস্তুত করার বিষয়টি জটিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর তালিকা প্রণয়নের কাজটি কার্যত বন্ধ হয়ে যায় এবং সরকারিভাবে কাজটি সম্পন্ন করার আদৌ আর কোনো উদ্যোগ নেই বলেই মনে হচ্ছে। এখানে উল্লেখ্য, যারা সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন, আন্দোলন সংগঠিত করেছেন, কারাবরণ করেছেন বা নেতৃত্ব দিয়েছেন; যদিও তাদের অনেকেই আজ প্রয়াত, তাদের মধ্যে আমরা কিছুসংখ্যক এখনও বেঁচে আছি।

নতুনভাবে কমিটি গঠন করে আমাদের সহযোগিতায় এবং ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরে সংরক্ষিত রেকর্ড অনুযায়ী ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ সম্ভব হতে পরে। যেসব ভাষাসংগ্রামী ভাষা আন্দোলনে গৌরবময় অবদানের জন্য এযাবৎ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন প্রকৃত ভাষাসৈনিকদের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করার ব্যাপরে কোনোরূপ সংশয় বা দ্বিমত থাকতে পারে না; কারণ, বিশেষভাবে যাচাই-বাছাই করেই তাদের সম্মাননা দেয়া হয়েছে।

সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আবেদন ও জোর দাবি জানাই, যাতে অচিরেই তালিকাটি আলোর মুখ দেখতে পারে। অন্তত যে ক’জন ভাষাসংগ্রামী বেঁচে আছি, আমরা যেন জীবনসায়াহ্নে দেখে যেতে পারি। ভাষাসৈনিকদের যোগ্য সম্মাননা ও সুবিধাদানের বিষয়ে এবং একুশের স্মৃতি সংরক্ষণের জন্য কয়েকটি প্রস্তাব সদাশয় সরকারের সদয় বিবেচনার উদ্দেশে উপস্থাপন করা হল-

১. জীবিত অথবা প্রয়াত ভাষাসৈনিকদের প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান করা।

২. জীবিত ভাষাসৈনিকদের জন্য সম্মানজনক নির্ধারিত হারে সরকারিভাবে মাসিক ভাতা নিয়মিত প্রদান করা।

৩. প্রয়াত ভাষাসৈনিকদের পরিবারের সদস্যদের জন্য সরকারি সুযোগ-সুবিধা এবং চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কোটা বরাদ্দ করা।

৪. জীবিত ভাষাসৈনিকদের মধ্যে যারা আর্থিক সংকটে কষ্ট পাচ্ছেন, তাদের নিয়মিত মাসিক ভাতার বাইরেও সরকারি আর্থিক অনুদান দিয়ে সেই সংকট দূর করা।

৫. ভাষাসৈনিকদের মধ্যে অনেকই গৃহহীন এবং আবাসন সমস্যায় জর্জরিত। তাদের সরকারি আবাসন প্রকল্পে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।

৬. ঢাকার বাইরে মফস্বল এলাকায় বসবাসরত ভাষাসৈনিকদের মৃত্যুর পর সমাধিস্থানের তেমন সমস্যা না হলেও রাজধানী ঢাকায় অবস্থানরত ভাষাসৈনিকদের জন্য সমাধিস্থলের প্রকট সমস্যা এ কারণে যে, প্রচুর অর্থের বিনিময়ে কবরের স্থান ক্রয় করতে হয়। তাই ঢাকায় বসবাসরত ভাষাসৈনিকদের মৃত্যুর পর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজারে নবনির্মিত সমাধিস্থান বা অন্য কোনো সম্মানজনক জায়গায় বিনা খরচে আগে থেকেই সুনির্দিষ্ট সমাধিস্থল নির্ধারণ করা।

৭. মুক্তিযোদ্ধাদের মতো মৃত্যুবরণের পর ভাষাসৈনিকদেরও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজের ব্যবস্থা গ্রহণ করা।

ভাষাসৈনিকরা আশা করে, সরকার উপরোক্ত প্রস্তাবগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ভাষাসৈনিকদের অচিরেমই প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ও পরিবারের উপযুক্ত সুযোগ-সুবিধা প্রদান করবে এবং একুশের স্মৃতি সজীব রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শামসুল হুদা : একুশে পদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক; উপদেষ্টা, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর