সিল্কসিটি নিউজ ডেস্ক:
বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ইটের পাঁজা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার (৮ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুস অভিযান চালিয়ে পাঁজাটি ভেঙে ফেলেন। ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নাসির হাওলাদার বিদ্যালয়টির পাশে পাঁজা তৈরি করে ইট পোড়াচ্ছিলেন।

সহকারী কমিশনার রুহুল কুদ্দুস জানান, ধানসাগর ইউনিয়নের টগরা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ফসলি জমিতে পাঁজা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে পাজাটি ভেঙে ফেলা হয়। পাঁজাটিতে প্রায় ৩৫ হাজার ইট রয়েছে।
তিনি আরো জানান, পাঁজার সমস্ত ইট জব্দ করে ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য তপু বিশ্বাসের জিম্মায় রাখা হয়েছে। পাঁজা মালিক নাসির হাওলাদার ওই ইউনিয়নের সাবেক মেম্বর। তিনি ইট পোড়ানো শেষ করে বিক্রির অপেক্ষায় ছিলেন।
ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, এসিল্যান্ড অভিযান চালিয়ে পাঁজা ভেঙে ইট তার জিম্মায় রেখে গেছেন। জিম্মায় থাকা ইট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র; কালের কণ্ঠ









