বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ, শিশু পাচার ও নারী নির্যাতনসহ পাঁচটি বিষয়ের উপর এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিনোদপুর উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান আকবর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, একটি দেশকে উন্নয়নশীল হিসেবে দেখতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক প্রথা বন্ধ এবং মাদক এর কড়াল গ্রাস থেকে সন্তানদের রক্ষা করতে প্রত্যেক পিতা-মাতাকে সজাগ থাকার আহবান জানান। সেই সাথে বাল্য বিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ, শিশু পাচার ও নারী নির্যাতনসহ পাঁচটি বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
এছাড়া এ ধরনের সমাবেশ উপজেলার প্রতিটি ইউনিয়নে হওয়া দরকার বলে মতামত দেন আয়োজিত অনুষ্ঠানের শিক্ষার্থীরা। সেই সাথে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও ফুটেজ দেখানো আবশ্যক বলেও দাবি করেন শিক্ষার্থীরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা শিক্ষা অফিসার ইয়াকুব আলী, মীরগঞ্জ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
স/শ










