জাতীয়

নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর শুরু করলে পালিয়ে যান দায়িত্বরত চিকিৎসক ও স্টাফরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার লাউর ফতেপুর গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী রাকিবা আক্তার (২০) প্রসব ব্যথা উঠলে শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে তাকে নবীনগর উপজেলা সদরের থানা গেট সংলগ্ন আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে মধ্যরাতে তার সিজারিয়ান অপারেশন শুরু হয়।

তবে স্বজনদের অভিযোগ, অপারেশনের কিছুক্ষণের মধ্যেই ভুল চিকিৎসার কারণে রাকিবা আক্তারের মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি গোপন রেখে ‘রোগীর অবস্থা ভালো নয়’ জানিয়ে দ্রুত অন্যত্র পাঠানোর চেষ্টা করে। এতে সন্দেহ হলে স্বজনরা বিক্ষোভ শুরু করে।

রবিবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের গ্রামের লোকজন হাসপাতালে এসে ব্যাপক ভাঙচুর চালায়।

পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা সেখান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠায়। তবে বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘রোগীর মৃত্যুর খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তবে এর আগেই বিক্ষুব্ধ লোকজন হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। এতে হাসপাতালের সবাই পালিয়ে গেছে।’
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, অভিযুক্ত হাসপাতালের মালিক ও সংশ্লিষ্টদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।