নিজস্ব প্রতিবেদক,নাটোর:
‘নদী বাঁচাও-চলনবিল বাঁচাও’ এই শ্লোগান নিয়ে নাটোরে গুরুদাসপুর থেকে রাজশাহীর চারঘাট অভিমুখে নৌকা লংমার্চ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় গুরুদাসপুরের রসুনহাট ঘাটে নৌকা লংমার্চের উদ্ধোধন করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা।

এ সময় নৌকা লংমার্চের আহবায়ক এমদাদুল হক মোল্লা, গুরুদাসপুর নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আতাহার আলী, সেক্রেটারী মজিবর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নৌ লংমার্চে চলনবিল অঞ্চলের নদী রক্ষা কমিটি সহ অন্তত ৩২টি সংগঠনের শতাধিক নৌকা অংশ গ্রহন করে। পরে নৌ লংমার্চটি দুপুরে বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীর আট ঘড়িয়া স্লুইচগেট এলাকায় সমাবেশ করে।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীর পদ্মা নদীর চারঘাট এলাকায় বড়াল নদীর অভিমুখে স্লুইচগেট দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারনে চলনবিল অঞ্চলের আত্রাই, গুমানী, নন্দকুঁজাসহ ছোট বড় ৩০টি নদী ও জলাশয় মরে যাচ্ছে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি সংকটের কারনে বিল অঞ্চলের কৃষিতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, এ অঞ্চলের মালামাল বহনের যোগাযোগ মাধ্যম নৌপথ হলেও এখন তা বন্ধ হওয়ায় পরিবহন খরচ বেড়ে গেছে। তাই অবিলম্বে নদীর নাব্যতা ফেরাতে দ্রুত স্লুইচ গেট ও ব্রীজ অপসারন না করা হলে বৃহত্তর আন্দোলন ঘোষনা করা হবে জানান বক্তারা।
স/শ










