সিল্কসিটিনিউজ ডেস্ক:
নতুন বছরের শুরুতেই পিকনিক-মুখী ভারতের কোচবিহারের মানুষ৷ কাজেই সুনসান রাস্তাঘাট। কেউ বা পিকনিকে গেছেন ডুয়ার্সের বিভিন্ন স্পটগুলিতে আবার কেউ বা হাতের কাছে রসিক বিল৷ রসমতি অথবা শালবাগান। এদিন সব স্পটগুলিতেই ছিল উৎসব মুখি মানুষের ভিড়। আবার কেউ কেউ পরিবার নিয়ে রাজ প্রাসাদ অথবা এনএন পার্কে ঘুরে গেলেন। অন্যন্ন বারের তুলনায় এবার শীত অনেকটাই কম থাকলেও মানুষের উৎসাহে ভাটা পড়েনি এতটুকু।
বাঙ্গালির ১২ মাসে ১৩ পার্বণের তালিকায় অনেক আগেই যুক্ত হয়ে গেছে ইংরেজির নতুন বছরের দিনটি। ৩১ ডিসেম্বরের সন্ধ্যে থেকেই নতুন বছরকে উৎযাপন করার আনন্দে মেতে উঠছে কোচবিহার বাসি বিশেষত তরুণ প্রজন্ম। বিভিন্ন হোটেলগুলিতে খানার সঙ্গে পিনাও ছিল দেদার। অনেক রাত পর্যন্ত কোচবিহার শহরের রাস্তাগুলিতে প্রচন্ড গতিতে মোটর বাইকের দাপট ছিল লক্ষ্য করার মত।

গত কয়েক বছরে কোচবিহারের মত ছোট শহরের এক শ্রেণির কলেজ পড়ুয়া যুবক ও যুবতীদের মধ্যে নতুন বছরকে কেন্দ্র করে উদ্দামতা বেড়েছে অনেকটাই। এই বছর ৩১ ডিসেম্বর রাতে কোচবিহার জেলায় মদ্যপান করে অশান্তি করার অপরাধে প্রায় ১৫০ জনে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহিলাদের সংখ্যাও উল্লেখযোগ্য। শহরের অনেক নাম ডাকওয়াল পরিবারের ছেলেরা যেমন রয়েছে তেমনি মেয়েদেরও সংখ্যাটা কম নয়।
সমাজতত্ববীদরা বলছেন, ‘‘আমাদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির যে প্রভাব লক্ষ করা যাচ্ছে তা অনেকটাই দায়ী।’’ আবার অনেকে একে নিতান্তই ছেলে মানুষী বলে উড়িয়েও দিচ্ছেন। তবে, এত জনের গ্রেফতারে যথেষ্টই আশ্চর্য পুলিশও। পুলিশের এক কর্তা জানালেন গ্রেফতার হওয়াদের মধ্যে এমন কিছু তরুণ তরুণীও আছেন যাদের পরিবারের আলাদা পরিচিতি হয়েছে এলাকায়।
এদিন বেশীর ভাগই ছিল মদ্যপ অবস্থায়। কয়েক বছর আগেও এই পরিস্থিতি কোচবিহারের ছিলনা বলে দাবী করেন তিনি। জেলার পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানিয়েছেন, গ্রেফতারের সংখ্যা প্রায় ১৫০ জন , বিভিন্ন স্থানে মদ্যপ অবস্থায় ঝামেলা করার অপরাধে এদের গ্রেফতার করা হয়েছে৷










