নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা ছাড়াও মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গার হড়গ্রাম পীর সাহেবপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের ফটিক সরকারের ছেলে ফরহাদ আলী ওরফে পারভেজকে (২৫) এবং গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের বাবুর ছেলে মোস্তাফিজুর রহমান রিফাতকে (২১) গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের হেফাজত থেকে ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়- আসামি পারভেজ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পূর্বের ২টি, দামকুড়া থানায় ১টি ও রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও আসামি রিফাতের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর নওদাপাড়া গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে তুষার ইমরান (২৬), মধ্য নওদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রায়হান ইসলাম (২৭), উত্তর নওদাপাড়া (কালুর মোড়) গ্রামের সুরাপের ছেলে সাহারুপ আলী ওরফে রবিন (২২), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) এবং উত্তর নওদাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের হেফাজত থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
তাছাড়াও আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম দুপুরে ডিঙ্গাডোবা মতি চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে আলীগঞ্জ বাগারপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে মুরাদ হোসেনকে (৪০) গ্রপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬৩০টাকা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।










