সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

দুই সন্তানসহ নারীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক৬ জুলাই ২০২৫২ মিনিট পড়া
দুই সন্তানসহ নারীকে পিটিয়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় দুই সন্তানসহ নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামির মধ্যে সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এজাহারনামীয় ৩ নম্বর আসামি ইউপি সদস্য বাচ্চু মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করা হয়।

আজ রবিবার (৬ জুলাই) বিকেলে চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় ঢাকায় র‍্যাবের হাতে আটক ছয়জনকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ৫ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ।

এর আগে গত শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক দুই আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত ১১ এর বিচারক মমিনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ জুলাই বাঙ্গরাবাজার থানা এলাকার কড়ইবাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোখসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র‍্যাব মোট আটজনকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে গতকাল শনিবার সন্ধ্যায় নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামের দুই আসামিকে আদালতের তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।আজ রবিবার বিকালে র‍্যাবের হাতে গ্রেপ্তার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় জড়িত থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দেবেন বলে জানান। পরে আদালত তার বক্তব্য রেকর্ড করার প্রক্রিয়া গ্রহণ করেন।

কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান বলেন, ‘এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দুইজনকে এবং রবিবার বিকেলে ছয়জনকে আদালতে নিয়ে আসা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর  করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে মামলার তিন নম্বর আসামি বাচ্চু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানিয়েছেন। তার জবানবন্দি রেকর্ড করা হবে।