সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাতে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় মোবাইল ফোনে চার্জ দেওয়া যাবে না নির্দিষ্ট ছয় ঘণ্টা। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় চার্জিং পয়েন্ট বন্ধ থাকবে।
এই নিয়ম কঠোরভাবে মানতে রেলকর্মীদের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল বোর্ড। সম্প্রতি চলন্ত ট্রেনে পাওয়ার ব্যাংক ব্যাংক বিস্ফোরণের ঘটনার পর বৈদ্যুতিক সুরক্ষা নিয়ে নতুন করে সতর্ক হয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে বোর্ডের নির্দেশে বলা হয়েছে, এ বিষয়ে সব রেলওয়ে জোনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাত্রীদের সতর্ক করতে হবে এবং রেলকর্মীদেরও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা ও প্রশিক্ষণ দিতে হবে।

নির্দেশটি যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে রেলের আধিকারিক ও তত্ত্বাবধায়কদের আকস্মিক পরিদর্শন চালাতে বলা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে সব কোচের চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হচ্ছে কি না, তা তারা পরীক্ষা করবেন। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা কার্যকরে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছে রেলওয়ে বোর্ড। নির্দেশ অমান্য বা অনিয়মের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রেলকর্মীকে জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য, চলন্ত ট্রেনে রাতে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নিয়ম নতুন নয়। ২০১৪ সালে প্রথম এ নিয়ম চালু করা হয়েছিল। বেঙ্গালুরু–হজুর সাহিব নান্দেদ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার পর রেলওয়ে সেফটি কমিশনারের সুপারিশে এ ধরনের নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়। এবারও ট্রেনে আগুন লাগার ঝুঁকি কমাতে নিয়মটি কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।









