
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
এই কলামে চার সপ্তাহ আগে (১৩.০৮.২২) ‘আইন আছে, প্রয়োগ নেই এ অবস্থা আর কতকাল?’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলাম। ওতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায়শ আমার যাতায়াতের অভিজ্ঞতার আলোকে কিছু অম্লমধুর কথাবার্তা ছিল। কর্তৃপক্ষের বিবেচনার জন্য অল্পবিস্তর সুপারিশও ছিল। তখন বুঝিনি ওই লেখাটির ধারাবাহিকতায় আরেকবার কলম ধরতে হবে এবং তা শিগগিরই।

গত ১ তারিখ বৃহস্পতিবার সড়কপথে সিলেট যাচ্ছিলাম। ওই দিনই দুপুরে একটি বিয়ের অনুষ্ঠান ছিল ওখানে। যানজটটানজটের কারণে যথেষ্ট দেরি হয়ে গিয়েছিল রাস্তায়। সরাইল পার হয়ে রাস্তা একটু ফাঁকা পেয়ে আমার চালক গাড়ির গতি দিল বাড়িয়ে। আমি আড় চোখে স্পিডোমিটারে দেখলাম গাড়ি ৯০ কিলোমিটার বেগে ছুটে চলেছে ফাঁকা রাস্তায়। শাহবাজপুর ব্রিজ পার হয়ে হঠাৎ দেখি রাস্তায় বন্দুকধারী কজন পুলিশ হাতের বন্দুক উঁচিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি থামাতেই এঁদের একজন এগিয়ে এসে গাড়ির কাগজপত্র দেখতে চাইলেন। ওগুলো সবই ঠিকঠাক ছিল। কাজেই ওগুলো পরীক্ষা-নিরীক্ষার পর আমাদের আবার ঊর্ধ্বশ্বাসে ছোটার পালা। কিন্তু না, যাওয়া গেল না। বলে না, ‘বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা’। আমি তখন বাকি পঁয়ত্রিশ ঘা-র জন্য মানসিকভাবে তৈরি হচ্ছি। সেই সিনিয়র সিপাইটি জানালেন, আমরা গতিসীমা অতিক্রম করে গাড়ি চালাচ্ছি, তাই জরিমানা দিতে হবে। আমার ড্রাইভার তখন আমার পরিচয় দিয়ে বলল, আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি, যেখানে পৌঁছুতে ইতিমধ্যেই আমাদের দেরি হয়ে গেছে। সিপাইটি তখন ড্রাইভারকে নিয়ে গেল অদূরে দণ্ডায়মান সার্জেন্টের কাছে। সার্জেন্ট সাহেব কাগজপত্র দেখে এগিয়ে এলেন আমার কাছে। আমি গাড়িতেই বসা ছিলাম। তিনি বললেন, আমাদের স্পিডগানে উঠেছে আপনার গাড়ি ৯২-৯৩ কিলোতে যাচ্ছিল। এই রাস্তায় সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার। আমি বললাম, কই, তা তো কোথাও লেখা নেই। ওরকম কোনো সাইন তো সারা পথে কোথাও চোখে পড়ল না। সার্জেন্ট সাহেব বললেন, আছে। আপনারা হয়তো দেখেননি। আর আমাদের স্পিডগান চাইলে আপনি দেখতে পারেন বলে আঙুল উঁচিয়ে দুজন সিপাইর হাতে ধরা স্টেনগানের মতো স্পিডগান দেখালেন। আমি দেখলাম খামাখা তর্ক করে লাভ নেই। তাতে আমার আরো দেরি হয়ে যাবে গন্তব্যে পৌঁছাতে। কত টাকা ফাইন দিতে হবে জানতে চাইলাম। অফিসারটি জানালেন, আড়াই হাজার টাকা এবং ওটা ‘উপায়’-যোগে তাদের অ্যাকাউন্টে পাঠাতে হবে। আর গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও আরেকটি কী কাগজ তিনি রেখে দিলেন। বললেন, জরিমানার টাকা জমা দিয়ে আগামী সাত দিনের মধ্যে ওগুলো তাঁদের অফিস থেকে নিয়ে যেতে হবে। আমরা তথাস্তু বলে আবার রাস্তা ধরলাম। মনে মনে খুশি হলাম, যাক, কদিন আগে আমার লেখাটিতে এটাও একটা সুপারিশ ছিল। আমি লিখেছিলাম, হাইওয়েতে হাইওয়ে পুলিশ যেন গতিসীমা মাপার যন্ত্র দিয়ে দ্রুতগামী গাড়িগুলোর গতি মাপার কাজটি করে নিয়মিত। তবে গতিসীমা নির্দেশক ‘সাইন’ না থাকাটা ঠিক না।
৪ সেপ্টেম্বর রবিবার সিলেট থেকে ফেরার পথে সরাইল ব্রিজের কাছে পৌঁছাতেই হাতে বাঁ দিকে চোখে পড়ল দোতলা না তেতলা চমৎকার ডিজাইনের বিশাল এক ভবন। ভবনটি নতুন। বোধ হয় তখনো এর নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। মহাসড়ক থেকে ২৫/৩০ ফুট ভেতরে বলে ওটা চট করে চোখে পড়ে না। ভবনের শিরোপরি খোদাই করে লেখা : হাতিহাতা ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশ স্টেশন। এই শিরোনামের পাশেই ভারপ্রাপ্ত অফিসার (ওসি)-এর পদবি ও মোবাইল ফোন নম্বর লিখে কর্তৃপক্ষ সুবিবেচনার পরিচয় দিয়েছেন। যা হোক, আমরা থানা ভবনের সিঁড়ির মুখে গিয়ে গাড়ি থামালাম। তখন বেলা প্রায় তিনটা। একটু অবাক হলাম, দু-একজন পথচারী ছাড়া সারা দপ্তরে কেউ নেই। এত বড় ভবন এবং তার চারপাশ খাঁ খাঁ করছে। ড্রাইভারকে পাঠালাম দোতলায় লোকজনের খোঁজে। একটু পরেই সে ফিরে এসে জানাল, একজন সিপাই ছাড়া আর বাকি সব অফিসার-সিপাই নাকি মাত্র মিনিট পাঁচেক আগে কোথায় কোন অপারেশনে চলে গেছেন। ফোন করলাম ওসিকে। পরিচয় পেয়ে ভদ্রলোক বললেন, স্যার, একটা মাদকের চালান ধরতে আমরা এলাকায় জাল ফেলেছি এবং ধরেও ফেলেছি। আমি পাঁচ মিনিটের মধ্যেই থানায় আসছি। তারপর তিনি এলেন, সঙ্গে আরো কয়েকজন অফিসার-সিপাই। বিশাল এক চটের বস্তা উদ্ধার করা হয়েছে, ওতে নাকি চোরাচালানের আলামত : গাঁজা। এরপর ওসি সাহেব দুঃখ প্রকাশ করলেন আমি এতক্ষণ গাড়িতে বসে অপেক্ষা করছি বলে। আমাকে তিনি তাঁর অফিস কক্ষে গিয়ে একটু চা-কফি খাওয়ার জন্য বারবার অনুরোধ করতে লাগলেন। হাতে সময় ছিল না বলে তাঁকে নিরাশ করতে হলো। তবে কথা দিলাম অন্য একদিন আসব। ওসি সাহেবকেও বললাম রাস্তায় সর্বোচ্চ গতিসীমা ৮০ কিমি নির্দেশক কোনো সাইন না থাকার কথা। তিনি সবিনয়ে দ্বিমত পোষণ করে জানালেন সাইন নাকি আছে। আমি তাঁকে বললাম, হ্যাঁ, সেদিন জরিমানা দিয়ে আজ ফেরার পথে মাধবপুর থেকে সরাইল পর্যন্ত সারা পথ আমি ও আমার ড্রাইভার পইপই করে সাইনবোর্ড খুঁজেছি। সাকল্যে ২-৩টা সাইন চোখে পড়েছে বটে, তবে সেগুলোতে সর্বোচ্চ গতিসীমা বাংলায় লেখা আছে ৪০ কিমি। ওসি সাহেব এরপর যে ব্যাখ্যা দিলেন তা শুনে মনটা খারাপ হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, স্যার, ওইগুলোতে ৪০ লেখা আছে ঠিকই, তবে আমরা ৮০ কিমি পর্যন্ত ‘অ্যালাউ’ করি। আমি বললাম, আপনারা ৮০ কিমি পর্যন্ত ‘অ্যালাউ’ করেন, না ৯০/১০০ কিমি ‘অ্যালাউ’ করেন তা একজন গাড়িচালক জানবে কী করে? তা ছাড়া ৪০ কিমি গতিতে তো অটোরিকশাও চলে না। এটা তো হাইওয়েতে সম্পূর্ণ অবাস্তব। তখন ওসি সাহেব জানালেন, আসলে রাস্তায় রোড-সাইন লাগানোর দায়িত্ব নাকি পুলিশ বিভাগের নয়, ওটা করে থাকে সড়ক ও জনপথ বিভাগ। বুঝলাম, ‘এক ঘর মে দো পীর’ হলে যা হয় আর কি। আর কথা না বাড়িয়ে আবার পথ ধরলাম। তবে হাতিহাতা হাইওয়ে থানার ওসির সৌজন্যবোধ ও আন্তরিকতার কোনো অভাব আছে বলে মনে হলো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাঁদের ইন্সপেকশন, সুপারভিশন ও মনিটরিংয়ের দায়িত্বটা গুরুত্বসহকারে পালন না করেন, যদি তাঁদের চোখে ‘সর্বোচ্চ গতিসীমা ৪০’ লেখা অবাস্তব সাইনবোর্ড ধরা না পড়ে, তাহলে আমার মনে হয় বিনা দোষে আমার মতো অনেককেই জরিমানার কড়ি গুনতে হবে। তবু আমি খুশি, গতিসীমা পরীক্ষা করার যন্ত্র নিয়ে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করতে শুরু করেছে। তাদের উপস্থিতি ও যথাযথ তৎপরতা নিশ্চয়ই আইন অমান্যকারী যানবাহন চালকদের সতর্ক করবে। সেই সঙ্গে অবশ্যই রাঘব বোয়াল যানবাহন মালিকদের বিরুদ্ধেও প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে। শুধু চুনোপুঁটিদের জন্যই আইন, এরূপ ধারণা দেওয়া চলবে না। আমি খুশি হয়েছি, আমার পরিচয় জানার পরও আমাকে নিষ্কৃতি দেওয়া হয়নি।
আরেকটি কথা। জনসাধারণের সঙ্গে আচার-আচরণও তুল্যমূল্য হওয়া উচিত। একজন সাবেক সচিবের কাজটি যদি পাঁচ মিনিটে হয়ে যায়, তাহলে একজন সাধারণ মানুষকে যেন অহেতুক থানার বারান্দায় পাঁচ ঘণ্টা বসে থাকতে না হয়, তাঁর সঙ্গেও যেন সৌহার্দ্যমূলক ব্যবহার করা হয়।
২.
৪ তারিখে ঢাকা পৌঁছে পরদিনই যেতে হয়েছিল সেগুনবাগিচায় হিসাব ভবনে। ওখানে একই ধরনের অনেকগুলো বহুতল ভবনের ভিড়ে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের দপ্তর খুঁজে পেতে খানিকটা বেগ পেতে হলো। এ বিল্ডিং সে বিল্ডিং করে যখন ধৈর্যচ্যুতি ঘটতে যাচ্ছিল তখন মধ্যবয়সী এক ভদ্রলোক জানতে চাইলেন কী খুঁজছি। জবাব শুনে তিনি বললেন, লাইফ ভেরিফিকেশনের জন্য তো? আসুন আমার সঙ্গে। বলে তিনি পাশের ভবনের গেট দিয়ে আমাকে নিয়ে ঢুকলেন। তারপর কাছেই একটি কামরার দরজা দিয়ে আমাকে নিয়ে ঢুকে বললেন, এখানেই আপনার কাজ। আমি দেখলাম একটি নাতিবৃহৎ কনফারেন্স রুমে ২০-২৫ জন পুরুষ ও মহিলা চেয়ারে বসে চা-বিস্কুট খাচ্ছেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। আর সভাপতির চেয়ারে বসে আছেন একজন সৌম্যকান্তি ভদ্রলোক। আমি আমার ‘গাইড’ ভদ্রলোককে বললাম, এখানে তো মিটিং চলছে, এখানে কেন নিয়ে এলেন? কিন্তু পরক্ষণেই আমার ভ্রম ভাঙল যখন ‘সভাপতির আসনের’ সেই ভদ্রলোক আমাকে ও আমার সঙ্গিনী আমার স্ত্রীকে তাঁর পাশের দুটি খালি চেয়ারে বসতে বললেন। আমি আমার পরিচয় দিয়ে আমার আগমনের হেতু বললাম। তিনি বললেন, স্যার, কাজটি এখানেই হচ্ছে। আপনি ঠিক জায়গায়ই এসেছেন।
এই ফাঁকে ‘লাইফ ভেরিফিকেশন’ কী সেই সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিই। এটা সরকারের পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বাধ্যতামূলক ড্রিল। সরকার গণমাধ্যম ও মোবাইল ফোনের টেক্সট মেসেজ মারফত আমার মতো পেনশনভোগীদের জানিয়ে দেয় হিসাব দপ্তরের কোনো কর্মকর্তার সামনে হাজির হয়ে জানান দিতে : ‘আমি এখনো মাশাল্লাহ পটল তুলিনি। এই দেখুন, আপনার সম্মুখে কেমন জলজ্যান্ত বসে আছি। অতএব আপনি নির্দ্বিধায় আমার পেনশনের টাকাটি প্রতি মাসে পাঠাতে থাকুন। ’ সরকারের এই নির্দেশটি নির্ধারিত সময়ের মধ্যে পালন না করলে পেনশন বন্ধ করে দেওয়ার হুমকিও থাকে নির্দেশে।
এই প্রসঙ্গে বহুকাল আগে আমার নিজের লেখা একটা দীর্ঘ কবিতার কথা মনে পড়ে গেল। কবিতাটির নাম ‘একটি সার্টিফিকেট চাই’। এক চাকরিপ্রার্থী যুবককে তার চাকরিদাতা প্রভু নির্দেশ দিলেন : ‘যান, আপনি যে জীবিত আছেন সেই মর্মে কোনো উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে একটি সার্টিফিকেট নিয়ে এসে আমাদের কাছে জমা দিন। ’ সেই যুবক হন্যে হয়ে অনেকের দ্বারস্থ হলো কিন্তু সে যে জীবিত এই মর্মে কেউ তাকে সার্টিফিকেট দিল না। কবিতাটির শেষ কটি লাইন এইরূপ : কেউ লিখে দিল না। —সদাশয়/বিধাতার দেওয়া দু’দিন সময়/মরে গেল, যেন সাদা কবুতর/তার দু’টো পালক ঝেড়ে গতর/ঠিকঠাক করে নিল। —আমি তবু/তোমার সংসারে, প্রভু,/বেঁচে আছি কিনা/কেউ বলতে পারল না। —নিজেও জানি না।
আমি যাঁর কাছে বসে আছি সেই অতিশয় ভদ্র ও বিনয়ী বড় কর্তাটি অবশ্য আমার জাতীয় পরিচয়পত্র দেখে এবং আমার সঙ্গে বাতচিত করে এক মুহূর্তে নিঃসন্দেহ হলেন আমি বেঁচে আছি। তাঁর পাশের চেয়ারে উপবিষ্ট তাঁর সহকর্মী ভদ্র মহিলা দু’মিনিটের মধ্যে আমার তথ্যাদি কম্পিউটারে ঢুকিয়ে দিলেন। ফলে সহজেই কুল্লু খালাস। আমি নিশ্চয়ই এবার যেতে পারি। জি না, অত সহজে নিষ্কৃতি নেই। ‘পড়েছি মুঘলের হাতে’, এবার শব্দার্থেই ‘খানা খেতে হবে সাথে’। কন্ট্রোলার জেনারেল সাহেব তাঁর সব মেহমানের জন্য চা-কফি এবং উন্নতমানের বেকারি-বিস্কুটের এন্তেজাম রেখেছেন। মেহমানরা সবাই প্রসন্ন বদনে সেগুলোর সেবা করছেন। অবশ্যই আমি ও আমার স্ত্রীও বাদ গেলাম না। আপ্যায়নের ফাঁকে ফাঁকে ‘হোস্ট’ সবার সঙ্গে কথা বলছেন, তাঁদের সমস্যা-অভিযোগ-অনুযোগ শুনছেন অত্যন্ত ধৈর্যসহকারে। লক্ষ করলাম, তিনি বৃদ্ধদের বাবা ও বৃদ্ধাদের মা সম্বোধন করছেন। আমাকে তিনি বললেন, স্যার, এটা তো এঁদেরই অফিস, তাঁরা আমাকে একটু সুযোগ দিয়েছেন তাঁদের সেবা করার জন্য, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমার পাশেই বসেছিলেন ফেরেশতার মতো দেখতে গৌরবর্ণ লোলচর্ম এক বাহাত্তুরে বুড়ো। তাঁকে কানে কানে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? খু-ব ভালো। বৃদ্ধ বললেন। কোনো এক সরকারি বিভাগের মধ্যম পর্যায়ের কর্মচারী ছিলেন তিনি। জানালেন, এমন চমৎকার ব্যবহার জীবনে কোথাও দেখেননি তিনি। সত্যি অপূর্ব।
ওই বড় কর্তার বক্তব্য হচ্ছে, জনগণের টাকায় চলছে আমার অফিস। অতএব এর মালিক তারাই। মালিক যখন তাঁর কর্মচারীর দপ্তরে আসেন তখন তো তাঁকে যথাযোগ্য সম্মান দিতেই হবে। বেরিয়ে আসার সময় তিনি আমাদের পাশের কামরা দেখাতে নিয়ে গেলেন। ওটা তাঁর অফিস কামরা। খুবই রুচিসম্মতভাবে সাজানো-গোছানো কামরা। বললেন, সবার জন্য সব সময় ওটা অবারিত দ্বার। আর গাড়িতে ওঠার আগে চোখে পড়ল বারান্দার কোণে দেয়ালে ঠেস দিয়ে রাখা একটি হুইলচেয়ার। আমাদের হোস্ট বললেন, ওটা রাখা হয়েছে যেসব দর্শনার্থী হাঁটাচলা করতে অক্ষম তাঁদের জন্য।
ফিরে আসার সময় গাড়িতে বসে এক অদ্ভুত প্রশান্তিতে মনটা ভরে গেল। সারা জীবন যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সেবা প্রদানের কথা বলে এসেছি, যার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি নিজের কর্মস্থলে, তারই একটা সনিষ্ঠ উদাহরণ দেখে বড় ভালো লাগল।
১৯৭৪-৭৫ সালে আমি তরুণ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘ফরিয়াদ’ অনুষ্ঠান বলে একটা নতুন অনুষ্ঠান চালু করেছিলাম। জেলার সব জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়ে আমরা পূর্বঘোষিত কোনো প্রত্যন্ত পল্লী অঞ্চলে চলে যেতাম। সেখানে কোনো মাঠে প্যান্ডেল খাটিয়ে সারা দিন লোকের অভাব-অভিযোগ শুনতাম এবং সম্ভব হলে তাত্ক্ষণিক সমাধান দিতাম। তৎকালীন সরকার সার্কুলার জারি করে এ ধরনের অনুষ্ঠান করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেয়। এই ‘ফরিয়াদ’ অনুষ্ঠান সম্বন্ধে চাকরি থেকে অবসরে যাওয়ার পর একটি বড় আর্টিকল লিখেছিলাম কোনো একটি কাগজে। মাঠ প্রশাসনে আমার অনেক জুনিয়র সহকর্মী নানা রকম ‘ইনোভেটিভ’ কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সেবা প্রদান করে থাকেন। তাঁদের দৃষ্টান্ত অনুকরণীয়। সাধুবাদ জানাই তাঁদের।
৩.
শেষ কথা হচ্ছে, প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে প্রশাসকদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। আমি শাসক, ওরা শাসিত—এই মনোভাব বিসর্জন দিয়ে মনে করতে হবে আমি তাদেরই একজন, পরম করুণাময় আমাকে সুযোগ দিয়েছেন ওদের সেবা করার, সে জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।
লেখক : সাবেক সচিব, কবি
mkarim06@yahoo.com
সূত্রঃ কালের কণ্ঠ









