সদ্য প্রকাশিত
জাতীয়

ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে শনিবারও বাংলাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ শুক্রবার দুপুর ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে এবং বর্তমানে ওড়িশায় অবস্থান করছে।

“সন্ধ্যার ভেতরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ ও আগামীকাল বৃষ্টি থাকবে, পরশু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।”

বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাব সম্পর্কে জানতে চাইলে বজলুর রশিদ বলেন, “বৃষ্টি হবে, আর কিছু হবে না।”

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও পাশের উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

সকাল ৯টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওড়িশার উপকূলীয় এলাকা গোপালপুরের কাছে অবস্থান করছিল।

দেশটির আবহাওয়া অফিস বলছে, পরবর্তী তিন ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে এবং এর পরের ছয় ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এছাড়া রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।