সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে সমাহিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের মেরিনা বিচে চন্দন কাঠের কফিনে করে তাঁর গুরু এমজি রামচন্দ্রনের সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হয়। এর মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতা যুগের অবসান হলো।

রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় জয়ললিতাকে সমাহিত করার সময় জয়ললিতার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর শশীকলা নটরাজন উপস্থিত ছিলেন। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ও অভিনেত্রী রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ২২ সেপ্টেম্বর এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ সারাদিন চেন্নাইয়ের গণ মিলনায়তন রাজাজি হলরুমে রাখার পর জয়ললিতার মরদেহ সেনাবাহিনীর একটি ট্রাকে করে মেরিনা বিচে নিয়ে যাওয়া হয়।তিন কিলোমিটার এই শবযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয়।
তামিলনাড়ুর অধিবাসীদের প্রিয় আম্মাকে শেষবারের মতো দেখার জন্য রাজাজি হলরুমে লাখ লাখ মানুষ ভিড় করে। শেষকৃত্য অনুষ্ঠানে শশীকলা নটরাজনের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীসহ অনেক শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।
সূত্র: এনটিভি










