সিল্কসিটিনিউজ ডেস্ক :
কারো কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়, নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। এ কারণেই বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে।’
গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের উদ্যোগে হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হলে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা তাঁকে স্বাগত জানায়। এ সময় তারেক রহমান হাত তুলে তাদের অভিবাদনের জবাব দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে তাহলে পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয়। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ যে উপায়ে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত করে তুলছে কি না সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে আমি অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহবান জানাই।
’
তিনি বলেন, ‘চব্বিশ সালের ৫ আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে হচ্ছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা।’
ভিন্নদল, ভিন্নমতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের সঙ্গীদের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল গণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। ভিন্নদল, ভিন্নমতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।
দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি।’
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন নয় নির্বাচন করাই সরকারের কাজ
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিএনপির পরিকল্পনা তুলে ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বাছাই করে নেবেন এবং বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি এরই মধ্যে দেশের জনগণের সামনে একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে।’
তারেক রহমান জনগণের উদ্দেশে বলেন, “আপনাদের রায় তথা দেশের জনগণের রায়। বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকার থেকে সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে।
ঠিক একইভাবে প্রান্তিক ক্ষুদ্র-মাঝারি কৃষক যাঁরা আছেন সেই কৃষকদের সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে যাতে তাঁরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন সে জন্য তাঁদের ‘ফার্মারস কার্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের একটি বড় সমস্যা দেশের বিশাল যুবসমাজের বেকারত্ব। এই বেকারত্ব সমস্যাকে অ্যাড্রেস করার জন্য, বেকার তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে দেশে ও বিদেশে কাজের ব্যবস্থার পরিকল্পনা আমরা এরই মধ্যে হাতে নিয়েছি।’
কেউ সংখ্যালঘু নয় জানিয়ে তারেক রহমান বলেন, “আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ ও সতর্ক থাকবেন। নিজেদের অবশ্যই সংখ্যালঘু ভাববেন না। একজন বাংলাদেশি হিসেবে এই স্বাধীন বাংলাদেশে আপনার আমার আমাদের সবার অধিকার সমান। ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়, বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে বড় অগ্রাধিকার। এ জন্য আমরা একটি কথা বলি, সেই কথাটি হলো—‘আমার আগে আমরা, আমাদের আগের দেশ, সবার আগে বাংলাদেশ।’”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের সব গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমি একটি কথা বলতে চাই, এই দেশটি আপনার, এই মাটি আপনার। একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময়ে কিন্তু আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি সবাই একসঙ্গে দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন সবাই মিলে সব মানুষের বসবাস উপযোগী দেশে রূপান্তরিত করতে এক হই।’
মতুয়া সম্প্রদায়ের দাবিগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনারা সবাই বিএনপিকে বিজয়ী করুন। আপনাদের দাবিদাওয়া তখনই সম্ভব হবে যখন আপনারা আমাদের নেতাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে পারবেন।’ এ সময় হিন্দু সম্প্রদায়ের উপস্থিত ব্যক্তিরা ‘হ্যাঁ-সূচক’ জবাব দিলে বিএনপি মহাসচিব স্লোগান ধরেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই, মতুয়া-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সব ধর্মের সম-অধিকার নিয়ে দল। নো সংখ্যালঘু, নো সংখ্যাগুরু, সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার—সেটাকে ভিত্তি ধরে আমরা আত্মীয়তা করতে চাই।’
প্রতিনিধি সম্মেলনে মতুয়া বহুজন ঐক্যজোটের আহ্বায়ক সোমনাথ দে’র সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সমেন সাহা, বিদুর কান্তি বিশ্বাস, রমেন্দ্রনাথ সরকার প্রমুখ বক্তব্য দেন।










