সিল্কসিটিনিউজ ডেস্ক:
সংসদ সদস্যদের সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সুযোগ দিলে সেটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক দোয়া ও স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশন সিটি নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, এটা স্পষ্টভাবে সংবিধান এবং নির্বাচনী আচারণবিধির লঙ্ঘন হবে।
তিনি বলেন, সিটি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা নৌকায় ভোট চাইতে পারবেন না। যদি চান তাহলে সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে।
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘শুনলাম, ইসির এ বিষয়ে কোনো চিন্তা নেই। কিন্তু ইসিকে বলতে চাই— চিন্তায় আনুন। অন্যথায় সিটিতে জনগণ নির্ভয়ে ও নিজ হাতে তাদের ভোটটা দিতে পারবে না।
দুই সিটি করপোরেশন নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা বলেও মন্তব্য করে তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সামনে দু’টি পথ আছে। প্রথমত, নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। দ্বিতীয়ত, সংসদ ভেঙে দিয়ে সেই নির্বাচন করতে হবে এবং নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এগুলো চাইবে না। আর আমরা আশাও করি না, কোনো স্বৈরাচার ইচ্ছাকৃতভাবে জনগণকে এ সুযোগ দেবে। এই সুযোগ আমাদেরকে তৈরি করে নিতে হবে। এজন্য জনগণ ঐক্যবদ্ধ আছে।’
সরকারকে উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি আর এখনকার সময় এক নয়। এর মধ্যে নদীতে অনেক পানি গড়িয়েছে। সুতরাং ৫ জানুয়ারির নির্বাচনের মত ভোট ও ভোটার ছাড়া আরো কোনো পাতানো খেলা হতে দেওয়া হবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘রাজনৈতিক ষড়যন্ত্রমূলক’ সব মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবি এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মরহুম আলহাজ্ব মো. খোরশেদ আলমের স্মরণে’ এ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীর সাহেব।










