নিজস্ব প্রতিবেদক:
পরশু অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের(আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আরইউজে নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে কোন পোষ্টার কিংবা ব্যানারে নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে প্রচারণা।
প্রার্থীরা কেউ ভোট চাচ্ছেন মুঠোফেনে আলাপ করে, কেউ সরাসরি ভোটারের সাথে সাক্ষাত করে আবার কেউ ফেসবুকের মাধ্যমে ভোট চেয়ে নিজেদের প্রফাইলের ওয়ালে পোষ্ট করছেন। প্রার্থীদের পক্ষে অনেক ভোটার এবং শুভাকাঙ্খিরাও তাদের ওয়ালে পোষ্ট শেয়ার করছেন। নানা ভাবে ব্যক্ত করছেন পছন্দের প্রার্থী নির্বাচনে তাদের অনুভূতি।
এস এ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিম তার ওয়ালে লিখেছেন,পেশাদার ও পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার অসমাপ্ত কাজ করতে তারুণ্যদীপ্ত এবং সাহসী সাংবাদিক কাজী শাহেদকে আবারো সভাপতি পদে চাই। তাই- ‘দুর্জন’কে বিদায় দিন, সজ্জনকে বেছে নিন।

অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলাদেশ এবং সাহেব বাজার টুয়েন্টিফোর এর প্রতিবেদক মাহী ইলাহি লিখেন, সংবাদকর্মিদের আস্থা ও ভরসা, সফল রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহেদ ভাইকে আবারও নির্বাচিত করি।
দৈনিক বণিক বার্তার রাজশাহী জেলা প্রতিনিধি ফেরেদৌস সিদ্দিকী লিখেন, ২৫ ডিসেম্বর রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন প্রিয় সহকর্মী ইলিয়াস আরাফাত। আকর্ষনীয় ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটির জন্য সবার দোয়া চাই। ভোট চাই ভোটারদের।
দৈনিক সানশাইনের প্রতিবেদক এম ওবাইদুল্লাহ মীম লিখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে…সৎ নিষ্ঠাবান সাংবাদিক ইলিয়াস আরাফাত ভাইকে সাধারণ সম্পাদক পদে দেখতে চাই। নির্বাচনে তাঁর চূড়ান্ত সফলতা ও মঙ্গল কামনা করছি।
এছাড়া প্রার্থীরা চায়ের আড্ডায় ভোটারদের কাছে নিজেদের ভোট চেয়ে কুশল বিনিময় করছেন। সবমিলিয়ে আরইউজের এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। ভোটারদের মতে, নির্বাচনে যে প্রার্থীই বিজয়ী হোক না কেন সংগঠনের উন্নয়ন কে গতিশীল করবে এবং গণতান্ত্রিক মতাদর্শকে প্রাধান্য দিবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য পদে মোট ১৬ জন প্রার্থী রয়েছেন। তবে কোষাধ্যক্ষ পদে মোট তিনজন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে দুই জনের প্রার্থিতা বাতিল হওয়ায় এ পদের অপর প্রার্থী সরকার দুলাল মাহবুবকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এবার সভাপতি একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এরা হলেন বর্তমান সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাজশাহীর স্টাফ রিপোর্টার কাজী শাহেদ ও জিটিভি রাজশাহীর স্টাফ রিপোর্টার রাশেদ ইবনে ওবায়েদ।

সহ সভাপতি একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এরা হলেন, দৈনিক উত্তরা প্রতিদিনের ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান ও বাংলানিউজ ২৪ ডটকম’র স্টাফ রিপোর্টার শরীফ সুমন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, দৈনিক ইত্তেফাক রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, দৈনিক সোনালী সংবাদ’র প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম, দৈনিক সমকাল রাজশাহীর ব্যুরো প্রধান সৌরব হাবিব ও সানশাইনের প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাত।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুইজন প্রার্থী। এরা হলেন সময় টেলিভিশন রাজশাহীর স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রকি ও দৈনিক সোনার দেশ’র অনলাইন এক্সিকিউটিভ শামস উর রহমান রুমি।
এ নির্বাচনে নির্বাহী সদস্য দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, দৈনিক সমাচার রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক সামাদ খান, দৈনিক সোনালী সংবাদ’র সম্পাদনা সহকারি মিজানুর রহমান টুকু ও আলোকিত বাংলাদেশ রাজশাহী’র স্টাফ রিপোর্টার জনাব আলী।
আরইউজের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার রাজশাহী নগরীর বরেন্দ্র মহাবিদ্যালয়ে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম।
স/শ










