সিল্কসিটিনিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের আদালত চত্বরে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ। মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মামলাটি নেয় পুলিশ।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি বলেন, তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন, ইসমাইল (৪৬), হিরণ (৩৮), শাহালম (৪৮), টিটু (৫০), রাসেল ব্যাপারি (৩৫), অ্যাডভোকেট খোরশেদ আলম (৪০), আলামিন শাহা (৩৯) এবং বিল্লাল হোসেন (৩৮)।
মামলার বাদী রাজিয়া সুলতানা জানান, আজ থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে, মামলাটি নেওয়া হয়েছে। আমরা থানা থেকে মামলার কপি সংগ্রহ করেছি।
আমরা এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।
তিনি আরে জানান, আদালতে হাজিরা দিতে গেলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নির্দেশে তার জুনিয়ররা ও মুহুরি মিলে আমাদের ওপর হামলা করে। তারা আমার স্বামীকে বেধড়ক মারধর করে এবং আমার শরীর ও লজ্জাস্থানে আঘাত করে শ্লীলতাহানি করে। আমার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে।
আমার শিশুসন্তানকে মারধর করেছে।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারী, তার স্বামী ও সন্তানদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় রাজিয়া সুলতানা (৩৮) তার স্বামী মো. ইরফান মিয়া (৫০) ও দুই ছেলে জিদান (১৮) এবং আব্দুল্লাহ (৫) আহত হন।









