সদ্য প্রকাশিত
মতামত

আত্মিক শুদ্ধতায় জীবন গড়ার অঙ্গীকার

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪৫ মিনিট পড়া
আত্মিক শুদ্ধতায় জীবন গড়ার অঙ্গীকার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ বা উৎসব। কী ভক্তি-বিশ্বাসে, কী আধ্যাত্মিকতায়, কী ব্যবসা-বাণিজ্যে এর মহত্ত্ব, তাৎপর্য ও সর্বজনীনতা সর্বজনবিদিত। এই আনন্দ উৎসব ঘিরে সারা পৃথিবী মেতে ওঠে। খ্রিস্টধর্মের যিশুখ্রিস্ট, যিনি মুক্তিদাতা হিসাবে মানব সমাজে আবির্ভূত হন, তাঁরই জন্মতিথি হলো বড়দিন।

মুক্তিদাতা যিশুর জন্মদিনকে স্মরণ করেই বড়দিন উৎসব পালিত হয়। খ্রিস্টধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে ঈশ্বর তাঁর নিরাকার স্বরূপকে সাকার করলেন মানবদেহ ধারণ করে। অর্থাৎ তিনি মানুষের মধ্যে নেমে এলেন। একাত্ম হলেন।

মানুষের ঘরে জন্ম নিলেন। বাইবেলে বলা হয়েছে : ‘দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান-সম্ভবা হয়েছে, তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্রসন্তানের জন্ম দেবে; তুমি তাঁর নাম রাখবে যিশু। কারণ তিনিই আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন’ (মথি ১: ২১)।

বড়দিনে সারা বিশ্বের মানুষ তাঁকে স্বাগত জানায়। কারণ যিশুর মধ্য দিয়েই খ্রিস্টবিশ্বাসীরা পিতা ঈশ্বরের সঙ্গে যুক্ত হন, ঐশরাজ্যের বাসিন্দা হয়ে ওঠেন। যিশুর এই মর্ত্যধামে জন্ম নেওয়ার মূল উদ্দেশ্য হলো—সবাইকে ঈশ্বরের পথে চালিত করা। পাপের পথ থেকে আলোর পথে; অসত্য থেকে সত্যে এবং মৃত্যুর পথ থেকে অনন্তজীবনে নিয়ে যাওয়া। সে জন্য জীবদ্দশায় যিশু বলেছেন, ‘আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন! আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না’ (যোহন ১৪:৬)।

এ কথা শুধু তাঁর মুখ থেকে উচ্চারিত বাণী নয়; বরং জীবিতকালে তিনি প্রমাণ দিয়ে দেখিয়ে গেছেন—কেন তিনি পথ, সত্য ও জীবন। তিনি মানুষকে ভালোবাসার পথ, ক্ষমার পথ, সহনশীলতা, ন্যায়ের পথ দেখিয়েছেন। এই পথে জীবন যাপন করলে কেউ ধ্বংস হবে না; বরং পাবে মহাজীবন। তিনি বলেছেন : ‘যা সিজারের তা সিজারকে দাও; যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও’ (লুক ২০:২৫)। তিনি মানুষের মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজে পুনঃপ্রতিষ্ঠা ও মানবিক মর্যাদা নিশ্চিত করেছেন। বড়দিন—মানুষে-মানুষে এবং ঈশ্বর-মানুষে সুসম্পর্ক গড়ে তোলার আহবান জানায়।

বড়দিন হলো ভালোবাসার উৎসব। যিশুখ্রিস্ট, ঈশ্বরের কাছ থেকে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ ভালোবাসার উপহার। কেননা তিনি সব মানুষের মুক্তির জন্য অকাতরে ক্রুশে জীবন দিয়েছেন। তাঁর এই অনুপম ভালোবাসা, আত্মত্যাগ ও জীবন উৎসর্গের মধ্য দিয়ে সর্বোচ্চ ভালোবাসার আদর্শ দেখিয়েছেন। তিনি বলেছেন : ‘আমি তোমাদের যেভাবে ভালোবেসেছি, তোমরাও পরস্পরকে সেভাবে ভালোবাসবে’ (যোহন ১৫:১২)। যিশু অগ্রাধিকার ভিত্তিতে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী— বিধবা, দুঃখী, অভাবী, কালা, বোবা, খোঁড়া, অন্ধ, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তাদের দিয়েছেন মানবিক মর্যাদা ও বেঁচে থাকার অধিকার। বড়দিন, জীবন সহভাগিতার দিন। দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর দিন। দ্রব্যমূল্যের অসম্ভব ঊর্ধ্বগতির বাজারে অসংখ্য মানুষ নিদারুণ কষ্টে ও অভাবে আছেন, তাদের জন্য কিছু করা জরুরি। বড়দিন হোক আত্মিক শুদ্ধতায় জীবন গড়ার অঙ্গীকার।

বড়দিন দেওয়ার উৎসব। আমি কী পাব, সেটা বড় নয়; কিন্তু কী দিলাম সেটাই মুখ্য। ঈশ্বর আমাদের জন্য তাঁর একমাত্র পুত্রকে দান করে দিয়েছেন, আমরা যাতে পরিত্রাণ বা মুক্তি পেতে পারি। মারিয়া তিনি তাঁর দেহ বা গর্ভকে উন্মুক্ত করে দিলেন, যাতে পবিত্র আত্মার প্রভাবে মারিয়ার গর্ভে মুক্তিদাতা যিশুর জন্ম হতে পারে। নিশ্চিত অপমান, লজ্জা, কলঙ্ক এবং মৃত্যুঝুঁকি জেনেও তিনি ঈশ্বরের কথায় বিশ্বাস ও আস্থা রেখে সব মানবজাতির পক্ষে ঈশ্বরের মহান ইচ্ছাকে মেনে নিলেন। বড়দিন হলো ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মনিবেদন করা; তাঁর ইচ্ছায় প্রতিদিন জীবন পরিচালনা করা। সাধু যোসেফ যিশুর পালক পিতা, তিনিও ঈশ্বরের মহান ইচ্ছার কথা বুঝতে পেরে মারিয়াকে ঘরে তুলতে দ্বিধা করেননি। তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। ঈশ্বরের ইচ্ছা মেনে নিলেন। আমরা যখন ঈশ্বরের ইচ্ছায় জীবন যাপন করি, তখন আমাদের জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবন সৌন্দর্যময় হয়ে ওঠে। বড়দিন হৃদয়-মনে সুন্দর মনের মানুষ হওয়ার দিন।

যিশুর জন্ম হয় বেথেলহেমের একটি গোশালায়। সন্তানসম্ভবা মারিয়ার কোনো জায়গা জোটেনি। স্থান হলো গোশালায়। ঈশ্বরপুত্র যিশু যেখানে জন্ম নেন, সেটা যেমনই হোক না কেন, তা হয়ে ওঠে পুণ্য-পবিত্র, গৌরবান্বিত। আমাদের হৃদয় গোশালায় যদি শিশু যিশুকে স্থান দিই, আমরাও পুণ্য-পবিত্র ও ধন্য হয়ে উঠতে পারি। যিশুর আদর্শ, শিক্ষা ও তাঁর মূল্যবোধে জীবন পরিচালনা করলে, সবার জীবনই অনুগ্রহে পরিপূর্ণ ও আশীর্বাদিত হয়ে উঠবে। আমরা নতুন মানুষ হয়ে উঠব। বড়দিন বিশ্বাসে ও আদর্শে নতুন হয়ে জন্ম নেওয়ার দিন। পূর্ব দেশের পণ্ডিতরা তারা দেখে যিশুকে প্রণাম জানাতে গেছেন। যিশুর জন্মানোর দিনক্ষণ এবং সঠিক স্থানের সন্ধান তাঁরা পেয়েছিলেন। জগত্ত্রাতা যিশুকে তাঁরা সেদিন সোনা, গন্ধনির্যাস, ধূপধুনা উপহার দিয়েছিলেন। তাঁদের জীবনের মহামূল্যবান ও শ্রেষ্ঠ উপহার দিয়ে খ্রিস্টরাজাকে প্রণাম জানিয়েছিলেন। তাঁকে রাজকীয় সম্মান ও আরাধনা করেছিলেন। বড়দিনে আমরা ভক্তরা যিশুকে কী দেব? আমাদের মূল্যবান প্রার্থনা, আরাধনা, আনুগত্য, সম্মান ও তাঁকে অনুসরণ করার প্রতিশ্রুতি দেওয়ার উপযুক্ত সময় হলো বড়দিন। আকাশে উদিত একটি তারা পণ্ডিতদের পথ দেখিয়ে যিশুর সন্ধান দিয়েছেন। ঈশ্বরতনয় যিশু হলেন জগেজ্যাতি। সব আলোর উৎস তিনি। তাঁর আলোয়ে আমরা আলোকিত। তিনি আমাদের পথ দেখান। সঠিক দিকনির্দেশনা দেন। আস্থা ও বিশ্বাস নিয়ে মনে-প্রাণে তাঁর কাছে প্রার্থনা করলে এবং তাঁর কাছে কিছু চাইলে তিনি কখনো আমাদের ফিরিয়ে দেন না।

বড়দিন হলো শান্তিরাজ যিশুর মানবদেহ গ্রহণের দিন। তিনি মানুষের সঙ্গে একাত্ম হলেন, যাতে ঈশ্বর-মানুষে এবং মানুষে-মানুষে মিলন ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পায়। ধর্ম মানুষকে একত্র করে। পবিত্র করে। মানবিক করে। পরস্পরের সঙ্গে সম্প্রীতি ও সংহতি গড়ে তোলার ক্ষেত্রে ধর্ম অনেক বড় সহায়ক শক্তি।

লেখক : পুরোহিত, হলি রোজারিও চার্চ তেজগাঁও, ঢাকা

 

সূত্র: কালের কণ্ঠ