সিল্কসিটিনিউজ ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যেও ২০১৫ সালের পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হয়রানির ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
এ ঘটনার দুই বছর পার হলেও এর বিচার শুরু হয়নি। ওই ঘটনায় আটজন জড়িত থাকার কথা বলা হলেও মামলায় মো. কামাল নামের এক ব্যক্তিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত থাকা পুরস্কার ঘোষিত সাতজনের ছবি পাওয়া গেলেও তাদের নাম-ঠিকানা বা অবস্থান শনাক্ত বা খুঁজে বের করতে না পারায় তাদের চার্জশিটে আসামি করা হয়নি। ঘটনার ২৪ মাস পার হলেও তারা এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে। আর মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি জামিনে আছেন।
এদিকে চলতে বছরের ২ জানুয়ারি মামলার চার্জশিটটি ঢাকা সিএমএম আদালত থেকে ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য আসে। আগামী ২ মে ওই চার্জশিট গ্রহণের বিষয়ে দিন ধার্য রয়েছে।

এ সম্পর্কে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মাহমুদা আক্তার বলেন, ‘আমরা সকলে চাই আলোচিত ওই ঘটনার বিচার হোক; এটা সকলের কাম্য। রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি পরিচালনা করা হবে। এর আগে এ মামলায় ডিবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল চার্জশিট গ্রহণ করলে বিচার কাজ ত্বরান্বিত করতে রাষ্ট্রপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।’
এদিকে শনাক্ত হওয়া সাতজনের গ্রেপ্তারের বিষয়ে পিবিআই পুলিশ সুপার (এসপি) আহসান হাবিব পলাশ বলেন, বর্ষবরণে শ্লীলতাহানির ঘটনায় একজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপর সাতজনকে শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হন। ওই ঘটনায় ভিকটিমদের পক্ষ থেকে কেউ মামলা না করায় শাহবাগ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। শাহবাগ থানার পুলিশ মামলাটি কয়েকদিন তদন্তের পরই তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়।
মামলার একমাস পর ১৭ মে ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আটজন যৌন হয়রানিকারীকে শনাক্ত ও তাদের ছবি পাওয়ার কথা জানান পুলিশ প্রধান একেএম শহীদুল হক। শনাক্তকৃতদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ। কিন্তু তাদের নাম-ঠিকানা না পাওয়ার অজুহাতে ২০১৫ সালের ৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানি করা হয়। এ ঘটনায় ভিকটিমের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা করে পুলিশ। যৌন হয়রানির শিকার কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে। তদন্তকালে মামলার ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আটজনকে শনাক্ত করা হয়। শনাক্ত আটজনের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইলেকট্রনিক ও গণমাধ্যমে প্রকাশ করা হয়। তাদের ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকায় বিভিন্ন অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটক থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে কয়েকজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। নারী লাঞ্ছনাকারীরা ভিড়ের মধ্যে কয়েকজন নারীর শাড়ি ধরে টান দেয়। তদন্তকালে তার প্রমাণ পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত আটজনের নাম-ঠিকানা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হল। তবে ভবিষ্যতে কোনো তথ্য উদঘাটিত হলে মামলাটি পুনর্জীবিত করা হবে।
এরপর গত বছর ২৭ জানুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজার এলাকার খাজী দেওয়ানের প্রথম লেনের ৭৭ নম্বর বাড়ি থেকে কামালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কামালকে প্রথমে ৫৪ ধারায় এবং পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। কামালকে গ্রেপ্তারের পর মামলাটি পুনরায় তদন্তের আবেদন করে পুলিশ। এরপর ২৩ ফেব্রুয়ারি ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দিয়ে প্রতিবেদন জমা দিতে বলেন।
পুনঃতদন্ত শেষে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পিবিআই পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক আলোচিত এ মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়, ভিডিও ফুটেজ অনুসারে নিপীড়নকারী কামালের সম্পৃক্ততার প্রমাণ হিসাবে তার সাদা রংয়ের পাঞ্জাবি উদ্ধার করতে পারায় তাকে আসামি করা হয়েছে। তবে পুরস্কার ঘোষিত বাকি সাতজনের কোনো হদিস পাওয়া যায়নি। এতে বলা হয়, প্রকাশিত ছবি দেখে অপর সাতজনের সন্ধান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। কামালকে প্রথমে ৫৪ ধারায় এবং পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে কামাল স্বীকার করে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিড়ের মধ্যে সুযোগ বুঝে নারীদের গায়ে হাত দিয়েছিল। ডিএমপির সিসিটিভি ফুটেজ দেখালে কামাল জানান, অন্যদের তিনি চেনে না।
এদিকে অভিযুক্ত আসামি কামাল ইতোমধ্যেই জামিনে আছেন। ২০১৬ সালের ১৮ জুলাই হাইকোর্টের নির্দেশে তিনি ৬ মাসের জন্য জামিন পান। এরপর তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তাকে আবারো গ্রেপ্তার করা হয়। চার্জশিট দাখিলের পর চলতি বছরের ১৮ জানুয়ারি তিনি হাইকোর্ট থেকে এক বছরের জন্য জামিন পান।
সূত্র:রাইজিংবিডি










