সিল্কসিটিনিউজ ডেস্ক :
যারা নিরীহ আওয়ামী লীগ কর্মী, যারা বাধ্য হয়ে মিছিলে বা সভায় যোগ দিয়েছে, কিন্তু কারো ক্ষতি করেনি বা মিথ্যা মামলা দেয়নি তাদের বুকে টেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময়সভা, গণসংযোগ ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম, অত্যাচার, দখল ও অন্যায় করেছে তাদের সঙ্গে কোনো আপস নয়। তবে যারা নিরীহ বাধ্য হয়ে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহনশীল হোন।
যদি জয় চান, তাদের দ্বারে দ্বারে গিয়ে বলুন, বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। সেই দায়িত্ব আমরা নিচ্ছি।
তিনি আরো বলেন, হাসপাতালে গিয়ে এ দেশের প্রিয় আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পয়জন পুশ দিয়ে হত্যা করা হয়েছিল। সেই জামায়াত ৫ আগস্টের পরে আওয়ামী লীগের বাড়ি বাড়ি বলল—ভাই তোমাদের বিএনপি মারছে, আমরা ঠেকাচ্ছি, তোমরা ভয় পেয় না, আমরা পাশে আছি।
শুধু দুটো ভোটের জন্য। এখন ভোটের আশায় হিন্দু ভাইদের বাড়িতে যাচ্ছে, পূজামণ্ডপে গিয়ে বক্তব্য দিচ্ছে, প্রসাদ খাচ্ছে, সবই শুধু ভোটের জন্য।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম বলেন, এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য ধরে মাঠে থাকতে হবে।
জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, মোসা. রোজিনা খাতুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।










