সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় ২২ লাখ একরেরও বেশি আবাদি জমি ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
পাকিস্তানে বন্যায় ২২ লাখ একরেরও বেশি আবাদি জমি ক্ষতিগ্রস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় ২২ লাখ একরেরও বেশি আবাদি জমি তলিয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানক্ষেত। সামা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বুধবারের ওই প্রতিবেদনে বলা হয়, বন্যায় পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। শুধুমাত্র ধানক্ষেতের ক্ষেত্রেই প্রায় ১০ লাখ একর আবাদি ফসল নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে সামা নিউজ জানায়, ধানের পাশাপাশি আখ, ভুট্টা ও তুলার ক্ষেতও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ২৫ লাখ একর আবাদি আখের জমি পানিতে তলিয়ে গেছে, একইভাবে ভুট্টা ও তুলার ক্ষেতও ধ্বংস হয়েছে। সিন্ধু প্রদেশে ক্ষতি তুলনামূলক কম হলেও, কচ্ছা এলাকায় পেঁয়াজের তিন শতাংশ ফসল নষ্ট হয়েছে।

ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ ও পুনরুদ্ধারের প্রয়োজন চিহ্নিত করতে ফেডারেল সরকার জাতিসংঘের সংস্থাসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, আগস্টের শেষ দিক থেকে চলমান এই বন্যায় শুধু পাঞ্জাবেই দুই মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, প্রায় দুই হাজার গ্রাম পানিতে ডুবে গেছে এবং বিপুল আবাদি জমি ভেসে গেছে। ধান, তুলা ও আখসহ হাজার হাজার একর ফসল ধ্বংস হয়ে যাওয়ায় অঞ্চলটিতে খাদ্য নিরাপত্তা আরও সংকটের মুখে পড়েছে।