সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

অবৈধভাবে হাতিশাবক রাখার দায়ে ১৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
অবৈধভাবে হাতিশাবক রাখার দায়ে ১৫ বছরের কারাদণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শ্রীলঙ্কার উচ্চ আদালত বন্যপ্রাণী পাচারের একটি ঐতিহাসিক মামলায় এক হাতি রক্ষককে শুক্রবার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

কলম্বোর তিন সদস্যবিশিষ্ট আদালত নিরাজ রোশনকে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন—চুরি করা একটি হাতিশাবক রাখার অপরাধে এবং সেটিকে বৈধভাবে সংগ্রহ করা হয়েছে বলে ভুয়া নথি তৈরি করার অভিযোগে।

রায় অনুযায়ী, রোশনকে ৬৮ হজার ৬০০ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা) সমপরিমাণ অর্থদণ্ড দিতে হবে এবং হাতিশাবকটি রাষ্ট্রের জিম্মায় যাবে। ছয় বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর এ মামলার রায় এসেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘এটি শ্রীলঙ্কায় প্রথম হাতি পাচারের মামলা। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।’

মামলার বিচারের সময় প্রমাণের অভাবে আরো সাতজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলা দায়েরের সময় বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এক দশকে প্রায় ৪০টি হাতিশাবক চুরি করা হয়েছিল এবং প্রতিটি প্রায় এক লাখ ২৫ হাজার ডলার দামে বিক্রি হতো।

২০১৫ সালে নতুন সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক অভিযানের ফলে এই প্রক্রিয়া অনেকটাই বন্ধ হয়। তবে ২০১৯ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোতাবায়া রাজাপাকসে বেশ কয়েকটি হাতি পাচারের মামলা খারিজ করে দেন। কিন্তু রোশনের মামলাটি চলতে থাকে।

২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তার বড় ভাইয়ের শাসনামলে রাজাপাকসে নিজেও তার সরকারি বাসভবনে দুটি হাতিশাবক পুষতেন।

শ্রীলঙ্কার ধনী অভিজাতদের মধ্যে হাতিশাবক রাখা দীর্ঘদিন ধরে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত। ঐতিহ্যগতভাবে অভিজাত শ্রেণিই এগুলো রাখত এবং এখনো মন্দির উৎসবে হাতি শোভাযাত্রায় ব্যবহার করা হয়।

কিন্তু এভাবে হাতিশাবক চুরি করে ব্যবসা করার ফলে শ্রীলঙ্কার হাতির সংখ্যা কমে গেছে। সংরক্ষণবাদীরা জানাচ্ছেন, হাতিশাবক ধরতে গিয়ে প্রায়ই মা হাতিকে হত্যা করা হয়।

মানুষ ও হাতির দ্বন্দ্বও ক্রমেই বেড়েছে—গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর প্রায় ৪০০ হাতি ও ২০০ মানুষ প্রাণ হারিয়েছে।

বর্তমানে শ্রীলঙ্কায় প্রায় সাত হাজার বন্য হাজ রয়েছে, যাদের জাতীয় সম্পদ হিসেবে গণ্য করা হয় এবং বৌদ্ধ সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব রয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ