সাবেক ওসি ইকরামের চার ফ্ল্যাট-ছয়তলা ভবন জব্দের আদেশ
নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২৫২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক :
ধানমণ্ডি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া, তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ধানমণণ্ডি ও কেরানীগঞ্জে চারটি ফ্ল্যাট, গুলশানে ছয়তলা বিশিষ্ট ভবন, বাড্ডায় একটি প্লট ও ১৬০ শতাংশ জমি রয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
জব্দ হওয়া সম্পদের এসব সম্পত্তির স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা হলেন— রওশন আরা বেগম, তানিয়া আক্তার ও মো. ইমদাদুল হক।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. ইকরাম আলী মিয়া এবং তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে।অভিযোগের সুষ্ঠু যাচাই/অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তার নিজের এবং তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।