সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন।
পাঁচটির মামলার মধ্যে লোহাগাড়া থানার তিনটি ও সাতকানিয়া থানার দুটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম কারাগার থেকে রোববার ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে আনা হয়। লোহাগাড়া থানার তিন মামলায় মধ্যে দুইটি মামলায় পুলিশ আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নদভীর আইনজীবী তাকে কারাগারে ডিভিশন ও তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন।
সাবেক এমপি নদভীকে হাজির করাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি আদালতে মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, লোহাগাড়া থানার তিন মামলায় এবং সাতকানিয়া থানার দুই মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়েছে। রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।
সূত্র: যুগান্তর









