সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর পল্টনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীকের কার্যালয়ে গুলির কারণ আধিপত্য বিস্তার ও ক্ষমতার দ্বন্দ্ব।

আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
গত রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ৩৭/২ পল্টনের কার্যালয়ে ছাত্রলীগকর্মী মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে কামরুজ্জামান নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কামরুজ্জামান নিজেকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) বলে দাবি করেন। এরই মধ্যে পুলিশ জানিয়েছে, কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় মো. মাসুদ রানা ওরফে আশিক (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোর ৪টায় তাঁকে কুমিল্লার সদর দক্ষিণ থানার গেলিয়ার ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তাঁকে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কামরুজ্জামান হীরার কক্ষেই মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হন।
র্যাব ৩-এর অধিনায়ক মোহাম্মদ মাসুদ বলেন, ‘গ্রেপ্তারের পর মো. মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঘটনার দিন তিনি (রানা) এবং তাঁর দুই সহযোগী সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের পল্টন কার্যালয়ে আসেন। পরে মোশাররফ হোসেনের তলপেটে গুলি করে পালিয়ে যান। রানা র্যাবকে আরো জানিয়েছেন, আধিপত্য বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব ও শত্রুতার জের ধরে এই ঘটনা তিনি ঘটিয়েছেন।’
র্যাব-৩ অধিনায়ক আরো দাবি করেন, পল্টনের ঘটনার তিন-চারদিন আগে রূপগঞ্জের ভুলতার কায়েতপাড়া এলাকায় ভূমিদস্যুবিরোধী একটি সভায় মাসুদ রানা, তাঁর ঘনিষ্ঠ মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী ‘রাইফেল আলমগীর’, আল-আমীনসহ পক্ষের অন্য লোকজন উপস্থিত ছিল। ওই সভার সময় রাস্তায় মোশাররফ হোসেনের সঙ্গে মাসুদ রানার তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়।
‘এ ছাড়া ৩০০ ফুট এলাকায় তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মতবিরোধ চলছিল। সে কারণে মাসুদ রানা নিজের আধিপত্য বজায় রাখার জন্য মরিয়া হয়ে ওঠেন। তিনি অস্ত্র ব্যবসায়ী আলমগীরের সঙ্গে যোগাযোগ করে ৭.৬৫ এমএমের দুটি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন নেন।’
লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ আরো দাবি করেন, “তারপর মাসুদ রানা ও তাঁর আরো দুই সহযোগীকে নিয়ে মোশাররফ হোসেনকে হত্যার উদ্দেশে ‘রাইফেল আলমগীরের’ গাড়িতে করে পল্টনের কার্যালয়ে পৌঁছে মোশাররফ হোসেনকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।”
সূত্র: এনটিভি










