
সাপাহার (নওগাঁঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে দি পপুলার ক্লিনিকে কর্তৃপক্ষের ভুল চিকিৎসা এবং অবহেলার কারনে জুলেখা (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। নিহত জুলেখা উপজেলার পাইকুড় ডাঙা গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।
নিহতের পরিবারের লোকজন অভিযোগ সূত্রে জানাযায়, বুধবার ( ৪ মে )সকাল সাড়ে ৬টার দিকে জুলেখার প্রসব ব্যথা উঠলে তাকে সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ক্লিনিকের দালাল চক্র ফুসলিয়ে তাদের ক্লিনিকে ভর্তি করান। পরে সকাল সাড়ে ১০ টার দিকে কোন ডাক্তার বা প্রশিক্ষিত নার্স ছাড়াই জরায়ুর মুখ কেটে বাচ্চা প্রসব করান ক্লিনিক কর্তৃপক্ষ। জরায়ূর মুখে তিন থেকে চারটি সেলাই দিলেও রক্তক্ষরণ হতেই থাকে, এসময় রোগীর অবস্থা অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ কোন ডাক্তার না ডেকে নিজেরাই মনমতো চিকিৎসা সেবা প্রদান করেন। পরে সন্ধ্যার আগ মূহুর্তে রোগীর খিঁচুনি উঠলে রোগী মারা যায়। তবে শিশুটি জীবিত রয়েছে।

এ ব্যাপারে ক্লিনিক মালিক খাদেমুল ইসলাম সাংবাদিকদের জানান, ওেই প্রসূতির রোগীর খিঁচুনি রোগ ছিলো, এর পরেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি।
এই ঘটনার পর রোগীর পরিবার ও স্থানীয় লোকজন গভীর রাত পর্যন্ত সুবিচার পাওয়ার আশায় মরদেহ নিয়ে ক্লিনিকের সামনে অবস্থান করেন এবং বিক্ষোভ করতে থাকেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে লাশ ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, রোগীর লোকজন থানায় অভিযোগ করলে মামলা হবে। তবে এখনো কোন অভিযোগ হয়নি। এখন পর্যন্ত কেন রোগীর পরিবার অভিযোগ বা মামলা করেননি জানিনা।
এস/আই









