বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পৃথক অভিযান চালিয়ে ৫ শ’ লিটার বাংলা মদ ও ১৩৫ কেজি ভেজাল গুড়সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন। রোববার (২৪ এপ্রিল) উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর ও আড়ানী পৌরসভার শাহাপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হালিম (৪৪) এবং মৃত জমশের আলী খানের ছেলে কামরুল ইসলাম খান। উপজেলার আড়ানী পৌর এলাকার সাহাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজন আলী পলাতক আছেন।

জানা গেছে, বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর চরে বাংলা মদ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১০টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর উপকরণ জব্দ করা হয়েছে। একই সাথে আব্দুল মান্নানের ছেলে আব্দুল হালিম (৪৪) এবং মৃত জমশের আলী খানের ছেলে কামরুল ইসলাম খানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
এর আগে, উপজেলার আড়ানী পৌর এলাকার সাহাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজন আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ৩টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে ১৩৫ কেজি ভেজাল খেজুরের ঝুলা গুড় জব্দ করা হয়েছে। এর আনুমানিক মুল্য ১০ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজন পালিয়ে যায়। এসময় গুড় তৈরীর কাজে ব্যবহৃত পাথরের চুন, সোডা, ফিটকারি, রং উদ্ধার করে পুুলিশ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পদ্মার চরে ও সাহাপুরে অভিযান চালিয়ে বাংলামদ ও ভেজাল গুড়সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জি/আর










