সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মতামত

হলিউড চড়কাণ্ডে আমরা কী পেলাম

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২২৬ মিনিট পড়া
হলিউড চড়কাণ্ডে আমরা কী পেলাম

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

জীবনঘনিষ্ঠ চলচ্চিত্রের সঙ্গে বাস্তব জীবনের পার্থক্য সামান্য, তবে মাঝে মাঝে বাস্তব জীবনের কিছু ঘটনা চলচ্চিত্রের গল্পকেও হার মানায়।

বাংলা সিনেমায় একটি জনপ্রিয় সংলাপ আছে। তা হলো, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না’। কথাটি সর্বক্ষেত্রে প্রযোজ্য।

সচরাচর সিনেমার অন্তিম দৃশ্যে নায়ক যখন ভিলেনকে পরাজিত করেন এবং প্রতিহিংসাবশত ভিলেনের প্রাণনাশে উদ্যত হন, ঠিক সেই মুহূর্তে একজন সৎ পুলিশ অফিসারের উদয় ঘটে পর্দায়। বহুল চর্চিত সংলাপটি শোনার পর নায়ক তখন একবুক কষ্ট ও হতাশা নিয়ে ভিলেনকে আইনের হাতে সোপর্দ করতে বাধ্য হন।

দর্শকদের সারি থেকে কেউ কেউ তখন করতালি দেন, কেউ আবার আফসোস করেন। ভিলেন মারা গেলেই যেন দর্শকদের আনন্দ হয় বেশি। এর সামাজিক ব্যাখ্যাটি অতি সহজ।

কারণ বাস্তব সমাজে যখন আইনের যথার্থ প্রয়োগ দেখা যায় না, তখন সাধারণ দর্শক অন্তত পর্দায় দেখতে চান ভিলেনের নির্মম মৃত্যু। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভিলেনের সার্থক মৃত্যু দৃশ্যায়নে দর্শকদের মানসিক তৃপ্তি দিতে পরিচালক সচেষ্ট থাকেন।

একইভাবে সিনেমা পর্দার বাইরে বাস্তব জগতে যেকোনো ধরনের ‘সহিংস ঘটনা’ যখন দেখি তখন বিষয়ের পক্ষে-বিপক্ষে আমাদের যুক্তি-প্রতিযুক্তি দেওয়ার প্রবণতা অতি সাধারণ। প্রতিটি ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা নিজ নিজ ব্যক্তিগত অবস্থান থেকে দিতে পছন্দ করি।

যেমন গত ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ঘটে যাওয়া ‘চড়কাণ্ডে’ বিশ্বজনমতের পাশাপাশি আমাদের দেশের শিক্ষিত এক অংশ যাঁরা হলিউড অঙ্গনের খোঁজখবর রাখেন তাঁদের মধ্যেও এমনতর মতপার্থক্য উচ্চকিত হতে দেখা গেছে।

সেই ঘটনায় পক্ষ-বিপক্ষ অবলম্বনের সঙ্গে উন্মোচিত হয়েছে আমাদের মানসিক কাঠামো। ঘটনা সংক্ষেপ এ রকম।

এবারের ৯৪তম অস্কার আসরে সেরা তথ্যচিত্রের পুরস্কার ঘোষণা করতে এসেছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ক্রিস রক। এই অভিনেতার অন্যতম বৈশিষ্ট্য হলো তাঁর কৌতুকের একটি বড় অংশজুড়ে থাকে নির্মম পরচর্চা। বাংলা বাগধারায় তাঁর এমন কথাবার্তার সমন্বয় ঠিক যেন ‘মিছরির ছুরি’ এবং ‘কাটা ঘায়ে নুনের ছিটা’র মতো। ক্রিস রক তাঁর এই ঘরানা ফেরি করেই বিখ্যাত হয়েছেন।

চটুল কৌতুক নকশার কারণে সমালোচিত ও আলোচিত হলেও ক্রিস রককে এই সময়ের সেরা ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অস্কার রাতে ক্রিস রক যথারীতি তাঁর ‘স্বভাবসুলভ’ কৌতুকের মধ্যে টেনে আনেন সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের স্ত্রীকে। অ্যালোপেশিয়া রোগে চুল পড়ে যাওয়ায় ন্যাড়া মাথার অভিনেত্রী জাডা পিনক্যাট স্মিথকে ১৯৯৭ সালে ‘জি আই জেন’ সিনেমায় অভিনয় করা ডেমি মুরের সঙ্গে তুলনা করেন ক্রিস রক।

কৌতুকটি করার পর অন্য সবার সঙ্গে উইল স্মিথকে হাসতে দেখা গেলেও কয়েক সেকেন্ড পর জাডা স্মিথের চেহারা মলিন ও করুণ হতে দেখা যায়। বোঝা যায়, তিনি কৌতুকটি সহজভাবে নিতে পারেননি।

এরপর স্ত্রীর মান রক্ষায় উইল স্মিথ দর্শকের আসন থেকে উঠে এসে সরাসরি উপস্থাপক ক্রিস রককে সজোরে চপেটাঘাত করেন।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখছিল কয়েক কোটি দর্শক। মুহূর্তেই সারা বিশ্ব চড়ের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যদিও বাংলাদেশের দণ্ডবিধির ৯৬ ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য ক্রিস রক কোনো রকম অধিকার প্রয়োগ করতেন, সেটি আইনে অপরাধ বলে গণ্য হতো না। ক্রিস রক চড় খেয়েও শান্ত ছিলেন। বলা বাহুল্য, ব্যক্তিগত বিষয় নিয়ে কৌতুক করে আপাত সমালোচিত হলেও চড় খেয়ে তা হাসিমুখে হজম করে এই মুহূর্তে বেশির ভাগ মানুষের চোখে প্রশংসিত হচ্ছেন ক্রিস রক।

অন্যদিকে জনসমক্ষে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঝামেলাসহ আনুষঙ্গিক মানসিক বৈকল্যের অভিযোগে উইল স্মিথকে নানা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

এরই মধ্যে একাডেমি মোশন পিকচার সায়েন্স অ্যান্ড আর্টস প্রতিষ্ঠানের সদস্য পদ থেকে উইল স্মিথ পদত্যাগ করেছেন।

কারণ অস্কারজয়ী এই অভিনেতা এখন উপলব্ধি করতে পারছেন তাঁর দেওয়া চড়ের পক্ষে-বিপক্ষের জোয়ারে চাপা পড়ে গিয়েছিল অস্কারের বাকি সব অর্জন এবং আনন্দদায়ক মুহূর্তগুলো। যার রেশ এখনো কাটেনি।

গত সপ্তাহজুড়ে ঘটনাটির বিশ্লেষণ ও ব্যবচ্ছেদে যুক্ত হয়েছে বর্ণ-গোত্র-জাতি-নির্বিশেষে বিশ্বের তাবৎ বুদ্ধিজীবী মহল।

বিশেষ করে কৌতুক অভিনেতা মহলের সবাই ক্রিস রকের পক্ষাবলম্বন করেছেন। অ্যাডাম সেন্ডলার, জিম ক্যারি, হাওয়ার্ড স্টেন, জিমি কিম্যাল প্রমুখ শিল্পী একজন কমেডিয়ানের ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ন করার জন্য উইল স্মিথের আচরণের সমালোচনা করেছেন।

কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় করিম আব্দুল জব্বার বিষয়টি দেখেছেন একাধারে নারী এবং কৃষ্ণাঙ্গ সমাজের অপমান হিসেবে। তাঁর মতে, উইল স্মিথের স্ত্রী নিজেই যথেষ্ট ছিলেন যথাসময়ে ক্রিস রকের কদর্য কৌতুকটির জবাব দিতে এবং উইল স্মিথ আইন নিজের হাতে তুলে নিয়ে পারতপক্ষে সমাজে একটি ভুল বার্তা প্রদান করলেন।

তবে আবার এটাও দেখলাম, পরে ক্রিস রক তাঁর কৌতুকের জন্য ক্ষমা চেয়েছেন এবং উইল স্মিথ তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

এই সুযোগে অনেকে প্রশ্ন রেখেছেন, আলোচ্য এই দুই অভিনেতা কৃষ্ণাঙ্গ হওয়ায় কি শ্বেতাঙ্গ মহলে এত আলোচনা? অথচ এমন অপমানজনক দুর্ঘটনা অতীতেও ঘটেছিল।

১৯৭৩ সালের অস্কার আসরেও এমন একটি ঘটনা ঘটেছিল। অভিনেতা মার্লোন ব্রান্ডো সেরা অভিনেতার পুরস্কার পেলেও একজন আদিবাসী-আমেরিকান অভিনেত্রীকে মঞ্চে পাঠান তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করতে। নেটিভ আমেরিকান অভিনেত্রী শাচিন লিটলফেদার পুরস্কার গ্রহণ করে বক্তব্য দেওয়ার সময় সেই আমলের বিখ্যাত অভিনেতা জন ওয়েন শারীরিকভাবে আক্রমণ করতে উদ্যত হলে ছয়জন নিরাপত্তাকর্মী তাঁকে নিবৃত্ত করে। কিন্তু পরে জন ওয়েনের এমন বর্ণবাদী আচরণের কোনো বিচার হয়নি। কিছুদিন আগে ২০০৪ সালে আমেরিকান ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার সময় শ্বেতাঙ্গ গায়ক জাস্টিন টিমবারলেক ইচ্ছাকৃতভাবে মঞ্চে কৃষ্ণাঙ্গ গায়িকা জ্যানেট জ্যাকসনকে যৌন হয়রানি করেন। তখন সবাই মুখে কুলুপ এঁটে ছিলেন।

‘ন্যারেটিভ ইনকোয়ারি’ অর্থাৎ ‘বর্ণনামূলক অনুসন্ধান’ বিষয়টি সম্পর্কে যাঁরা অবগত আছেন তাঁরা অনুধাবন করতে সক্ষম হবেন, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার গতি-প্রকৃতি কেমন হতে পারে। ঘটে যাওয়া কোনো ঘটনার তত্ত্ব-তথ্য অনুসন্ধান করে সেই বিষয়টির সপক্ষে নিজস্ব যুক্তি প্রতিষ্ঠিত করার বিশদ ব্যাখ্যামূলক বর্ণনাকে ‘ন্যারেটিভ ইনকোয়ারি’ বলা হয়ে থাকে।

সেই আলোকে যদি হলিউডের চড়কাণ্ডটি বিশ্লেষণ করি তাহলে দেখব, দেশে-বিদেশে প্রায় সবাই যাঁর যাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ক্রিস রক বনাম উইল স্মিথের ঘটনাটি ব্যাখ্যা করেছেন। যেহেতু প্রত্যেকেই কখনো নির্যাতনকারী কিংবা কখনো নির্যাতিতের ভূমিকা প্রত্যক্ষ করেছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে সচেতন কিংবা অবচেতনভাবে আমরা সবাই নানা ক্ষেত্রে এ রকম দৃশ্য-অদৃশ্য ‘থাপ্পড়’ খেয়ে অভ্যস্ত।

ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা থেকে শুরু করে সমাজ নিয়ন্ত্রিত সাংস্কৃতিক বলয় কিংবা রাষ্ট্র নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশের ভালো-মন্দ সর্বত্র অপমানের প্রয়োগ লক্ষণীয়।

যেমন পথে-ঘাটে অপেক্ষাকৃত আর্থিক ও শারীরিকভাবে সবলের হাতে হরহামেশা চড়-থাপ্পড় খাচ্ছেন ভ্যানচালক, রিকশাওয়ালা, টোকাই কিংবা শ্রমিক শ্রেণির মানুষ। কারণে-অকারণে শ্রেণিকক্ষে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। গৃহকর্ত্রীর থাপ্পড় খাচ্ছেন গৃহকর্মী। পরিবারে সন্তান প্রত্যক্ষ করছে মা-বাবার দাম্পত্য কলহ, চড়-থাপ্পড় যেখানে নিত্য অনুষঙ্গ।

সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফরমে ভায়োলেন্স এখন সাধারণ ব্যাপার। প্রায় প্রতিটি সিরিজ ও নাটকে চড়-থাপ্পড়ের দৃশ্যায়ন থাকবেই। কারণ সমাজে এখন তা-ই চলছে।

এর বাইরে প্রতিনিয়ত প্রভাবশালীদের কাছ থেকে অদৃশ্য চড় খেয়ে চলেছে মেহনতি মানুষ। দীর্ঘ সময় জ্যামে বসে থেকে ‘তিন মাসের মধ্যে জ্যামমুক্ত ঢাকার অঙ্গীকার’ করা মেয়রের কথাগুলো বাস্তবে কিন্তু চড়ের মতোই। একইভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে বিশ্রী ভাষায় অপমানের সংস্কৃতি পারতপক্ষে বিবেকবান মানুষের গণ্ডদেশে চপেটাঘাতের সমতুল্য। তুচ্ছ কারণে একজন নাগরিক অপদস্থ হচ্ছেন। এগুলো নিশ্চয় মায়ের হাতের আদরের থাপ্পড় নয়! যেহেতু বাহ্যিক চড়-থাপ্পড়ের আড়ালে অন্তর্গত অপমানের ভাষা বোঝার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, তাই মানুষ হিসেবে কোনো অপমান আমাদের গায়ে লাগে না।

সেই নিরিখে হলিউডের এই চড়কাণ্ডে সাময়িকভাবে হলেও আমাদের বোধোদয় হতে পারে। নীতি ও অনৈতিকতার মাঝে আটকে থাকা সমাজে কোন ঘটনার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত তা নিয়ে যাবতীয় আলোচনা এখন জরুরি।

লেখক : তথ্যচিত্র নির্মাতা, লেখক ও চিকিৎসক
mirajulislam1971@gmail.com

 

সূত্রঃ কালের কণ্ঠ