
সিল্কসিটি নিউজ ডেস্ক:
দু’তরফা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে। তাতে করেই ধরাকে সরা জ্ঞান ভাবছেন তিনি। কারো কাছে জবাবদিহি করার প্রয়োজনবোধ করেন না। গণমাধ্যম কর্মীদেরও এড়িয়ে চলেন। আতঙ্কে রাখছেন সহকর্মীদের। বোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীরাও তটস্ত থাকছেন তার রোষানলে পড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের বিরুদ্ধে এমন অভিযোগের পাহাড় এখন।
অদৃশ্য এক শক্তিতে ভর করে চেয়ারম্যান রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ বিভাগের অপূরণীয় ক্ষতি সাধন করছেন বলে অভিযোগ করছেন এনবিআর-এর একাধিক সিনিয়র কর্মকর্তা।
বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, দ্বিতীয়বার যখন তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়, তখন সবাই অবাক হয়েছি। কারণ বিধি অনুসারে মেয়াদ বাড়ানো হয়নি, যা বোর্ডের জন্য একটি নেতিবাচক ইতিহাস তৈরি হয়েছে।
এই কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন কর বিভাগের সম্প্রসারণ করা হোক। এই দাবি কর কর্মকর্তাদেরও। কিন্তু তিন বছর আগে সম্প্রসারণ নীতি নির্ধারণ করা হলেও চেয়ারম্যান আজও কোনো সিদ্ধান্ত নেননি। একইভাবে গত দুই বছরে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সদস্য ও কমিশনারদের পদোন্নতিতে রেকর্ড সময় বিলম্ব করা হয়েছে, যা অতীতে ঘটেনি। এতে কাজগুলো ব্যহত হয়েছে। অন্যদিকে মেধাবী, পরিশ্রমী কর্মকর্তারা কর্মজীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব আয় কমিশনারেটগুলিকে জনবল সংকটে ফেলে রাখা হয়েছে মাঠ পর্যায়ের নিয়োগ উপেক্ষা করে। মাঠ পর্যায়ে প্রায় ৩৫ ভাগ পদ শূন্য রয়েছে।
জুনিয়র ফার্স্ট সেক্রেটারি (প্রশাসন ক্যাডার) ট্যাক্স এবং কাস্টম ক্যাডার থেকে সিনিয়র সংশ্লিষ্ট সদস্যদের এড়িয়ে পদোন্নতি, পদায়ন, বদলি একাই সম্পন্ন করছেন, যেখানে চেয়ারম্যানের আনুকূল্য রয়েছে। মাঠ পর্যায়ের ক্ষুদ্র একটি পোস্টিংয়ের ব্যাপারেও চেয়ারম্যানে হস্তক্ষেপ করে থাকেন।
অভিযোগকারী এই কর্মকর্তা আরও বলেন, দ্বৈত কর পরিহার এবং তথ্য বিনিময়ের বিষয়ে বিগত দুই বছরে অনেক দেশের সাথেই চুক্তি করা হয়নি এবং যা করা হয়েছে তা- ও অপর্যাপ্ত। এতে কর সংগ্রহে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বোর্ডের আরেক কর্মকর্তা বলেন, বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আসার পরেই রাজস্ব আয়ে ভাটা পড়ে। বাজেটের ঘাটতির ব্যবধান বাড়তে থাকে। রেমিটেন্স আর রপ্তানি আয় রেকর্ড গড়লেও রাজস্ব আয় কমে আসে। রেমিটেন্স রেকর্ড না গড়লে বাজেট বাস্তবায়ন হিমশিম খেতে হতো সরকারকে। তবে সামনের বাজেটের জন্য অশনিসংকেত অপেক্ষা করছে।
তিনি বলেন, সরকারের রুপকল্প ২০৪১ ঘোষণা করেছে। অথচ এনবিআর এখন পর্যন্ত ব্যপকভিত্তিক কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। কর স্টাফ কলেজ, কাস্টমস স্টাফ কলেজ বা রাজস্ব স্টাফ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার কথা ছিল বহু আগে। এটি ক্যাডার এবং চেম্বার সদস্যদের দাবি। অথচ, এ ব্যাপারে চেয়ারম্যানের উদাসীনতাই প্রধান বাধা। বোর্ডের জুনিয়র কর্মকর্তা ইকতাজুল ও শহীদুজ্জামান অসৎ উপায়ে টাকার পাহাড় গড়ে তুললেও ব্যবস্থা নিতে নির্বিকার তিনি।আবার বড় বড় ব্যবসায়িক কোম্পানি থেকে বিশেষ সুবিধা নিয়ে শুল্ক মওকুফের ব্যবস্থা করছেন চেয়ারম্যান নিজেই। এতে রাষ্ট্র বিশাল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এনবিআর-এর প্রকৃত প্রবৃদ্ধি ৮ শতাংশ হলেও চেয়ারম্যানের নিদের্শে দেখানো হচ্ছে ১২ শতাংশ। এর মধ্য দিয়ে সঠিক তথ্য উপস্থাপন করা যাচ্ছে না।
এই কর্মকর্তা বলেন সব অনিয়ম দেখেও আমাদের হজম করতে হচ্ছে। তিনি মন্ত্রী, চেম্বার নেতাদেরকেও পাত্তা দেন না। বলতে পারেন বোর্ডে স্বৈরনীতি প্রতিষ্ঠা করছেন চেয়ারম্যান।
অভিযোগ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মমিনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও, তা সম্ভব হয়নি।









