সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ভারতের মাথা ব্যাথা বাড়িয়ে চিনের সঙ্গে যৌথ মহড়া করবে নেপাল

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতের মাথা ব্যাথা বাড়িয়ে চিনের সঙ্গে যৌথ মহড়া করবে নেপাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নয়া বছরের প্রথম চিনের সঙ্গে যৌথ সেনা মহড়া করতে চলেছে নেপাল৷এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘প্রতিকার’৷ যা ইতিমধ্যে বেশ অস্বস্থিতে ফেলেছে ভারতকে৷কারণ এতদিন ভারতের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার পরে বর্তমানে চিনের দিকে বেশি ঝুঁকছে নেপাল।

যদিও এই যৌথ মহড়া নিয়ে ভারতের বিব্রত হওয়ার কিছু নেই বলেই দাবি করেছেন ভারতে নেপালের রাষ্ট্রদূত দীপ উপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, যাতে মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করা যায় সেই কারণে অতীতেও এমন বহু যৌথ মহড়া করেছে নেপাল৷ ফলে ভারতের সঙ্গে নেপালের যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি৷ সন্ত্রাস দমনে দেশের সেনা বাহিনীর শক্তি বৃদ্ধিতে আগেও এমন যৌথ মহড়া করেছে নেপাল৷ এমনকি গত দশবছর ধরে প্রতিবছর নেপালের সঙ্গে যৌথ সেনা মহড়া করে আসছে ভারতও৷

নেপালকে বিভিন্ন সময় সামরিক সরঞ্জাম, সামরিক কৌশল ও সমরাস্ত্রেরও যোগান দিয়েছে ভারত৷ শুধু তাই নয়৷ ভারতীয় সেনাতে কাজ করে প্রায় ৩২ হাজার নেপালি গোর্খা৷ এমনকি ভারতীয় সেনা থেকে পেনশন পান প্রায় দেড় লক্ষ নেপালি সেনা৷ তবে নেপালের সঙ্গে তাদের যৌথ মহড়ায় ভারতের নাক গলানো নিয়ে বেশ চটেছে চিন৷ তাদের সংবাদ মাধ্যমে নয়াদিল্লিকে হুঁশিয়ারিও দিয়েছে বেজিং৷