সদ্য প্রকাশিত
মতামত

চিকিৎসকদের লাঞ্ছিত করার আগে তাদের অবদানের কথা ভাবুন

নিউজ ডেস্ক২৫ জুন ২০২০২ মিনিট পড়া
চিকিৎসকদের লাঞ্ছিত করার আগে তাদের অবদানের কথা ভাবুন

সৃষ্টিকর্তার পর মানুষকে যদি কেউ বাঁচাতে পারে, তিনি হচ্ছেন চিকিৎসক; মানবসেবার ব্রত নিয়ে সারা জীবন যারা মানুষের পাশে থেকে কাজ করে যান। অপারেশন টেবিলে বা সাধারণ ওয়ার্ডে রোগী যখন যন্ত্রণায় কাতরাতে থাকে; তখন ওই মুহূর্তে চিকিৎসকরা পৃথিবীর সবকিছু তুচ্ছ করে মানবসেবায় মনোনিবেশ করেন।

কিন্তু দেশে চিকিৎসকরা প্রায়ই রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হন; এমন কী হত্যার ঘটনাও ঘটে মাঝে-মধ্যে। বরাবরই লক্ষ করা যায়, দেরিতে হাসপাতালে নিয়ে আসা, অনভিজ্ঞ দাইয়ের দোষের দায় চাপানো, হাসপাতালের অব্যবস্থাপনা, সরঞ্জাম সংকট এবং লোকবলের অপ্রতুলতার দায়ও শেষ পর্যন্ত চাপানো হয় ডাক্তারদের ওপর। ডা. রকিব হত্যা এর সর্বশেষ উদাহরণ।

কিছু কিছু ক্ষেত্রে ভুল চিকিৎসা, অপচিকিৎসা নেই, তা নয়। কোনো কোনো ডাক্তারও অবহেলা করেন, রোগীর সঙ্গে বা রোগীর স্বজনের সঙ্গে খারাপ আচরণ করেন। কিছু বিবেকবর্জিত ডাক্তার রয়েছেন, যারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তবে এর পরিমাণ খুবই কম।

ভালো গুণ ও মানবিকতাসম্পন্ন ডাক্তারের সংখ্যাই বেশি। সমাজের সব পেশার মানুষ যদি অনির্দিষ্ট দিনের জন্যও কাজ করা বন্ধ করে দেয়, তবুও মানুষ যতটা না বিপদে পড়বে; তার থেকে বেশি বিপদে পড়বে, যদি চিকিৎসাসেবা বন্ধ থাকে। সমাজের মানুষের অন্যতম একটি ভরসার জায়গা হল চিকিৎসক শ্রেণি। চিকিৎসাসেবা একটি মহান পেশা। তাই এ পেশার সঙ্গে যুক্ত মানুষদের লাঞ্ছিত নয়; বরং যথাযথ সম্মান দিতে হবে।

রোগী, স্বজন ও চিকিৎসকদের সৌহার্দ্যপূর্ণ আচরণই পারে একটি সুন্দরতম চিকিৎসার ব্যবস্থাপনার শুভ সমাপ্তি ঘটাতে। তাই আমরা যারা সাধারণ জনগণ, তাদের সচেতন হতে হবে। সচেতন হওয়া সবেচেয়ে জরুরি। এ দেশের বিশাল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই অপ্রতুল।

তারপরও সবকিছু পেছনে ফেলে তারা নিরন্তর কাজ করছেন আমাদের স্বাস্থ্যবিষয়ক সব সমস্যা সমাধানের লক্ষ্যে। এ মহাসংকটেও তারা সামনের সারিতে অবস্থান করছেন। আমার আপনার জন্য অনেকেই মৃত্যুকে আলিঙ্গন করতেও পিছপা হচ্ছেন না। তাই আসুন, তাদের ভুলত্রুটিগুলো ঊর্ধ্বে রেখে ভালোবাসতে থাকি।

পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়

 

সুত্রঃ যুগান্তর