সদ্য প্রকাশিত
মতামত

সঙ্গরোধের সঙ্গী হোক ‘বই’

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২০৫ মিনিট পড়া
সঙ্গরোধের সঙ্গী হোক ‘বই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহাদুর্যোগের কবলে দেশ, বিশ্ব তথা ‘মানবজাতি’। এ বিশ্বমহামারীর নাম ‘করোনাভাইরাস’। দেশে দেশে মৃতের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ক্ষুদ্রাতিক্ষুদ্র, অদৃশ্য মারণঘাতকের কাছে মানুষ কতটা অসহায়, তা বুঝিয়ে দিল ‘করোনা’। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এখনও এর প্রতিষেধক বের করতে পারেনি।

স্বাভাবিক সতর্কতা, যেমন : ১. ঘরে অবস্থান- নিজের, পরিবারের ও অন্যের নিরাপত্তার জন্য জরুরি; ২. হাতধোয়া- জীবাণু প্রতিরোধে কার্যকর পদ্ধতি; ৩. সামাজিক দূরত্ব- সংক্রমণ প্রতিরোধে এর বিকল্প নেই। বাংলাদেশে ২৬ মার্চ থেকে পরবর্তী দশ দিন সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। শুধু ওষুধের দোকান, কাঁচাবাজার ও হাসপাতাল খোলা থাকছে।

মানবসভ্যতা এমন সংকটে পড়বে, ক’দিন আগেও কেউ ভাবেনি। জ্ঞানীগুণী, পণ্ডিত-বিজ্ঞানী কারও মাথায় আসেনি। মানুষের জ্ঞান কত সীমিত, এ থেকেই তা বোঝা যায়। নিকট বা দূর অতীতে, বিশেষ করে সমকালীন ইতিহাসে এমন ঘটনা বিরল। যা হোক, সঙ্গনিরোধ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সবার আশা, এ মহাদুর্যোগ অচিরেই কেটে যাবে।

কথা হল, আমাদের দেশের সাধারণ মানুষ গসিপ বা গল্পপ্রিয়। অপ্রয়োজনীয় কথাবার্তায় ঘণ্টার পর ঘণ্টা সময় পার করতে পারে। কিন্তু কর্মব্যস্ত বিশাল জনগোষ্ঠী কীভাবে সময় কাটাবে? এক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ তুলে ধরছি :

১. হোম অফিস : অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে কিছু প্রতিষ্ঠান হোম অফিস চালু করেছে। কর্মীরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন। অবশ্য সবার এ সুবিধা নেই।

২. অফুরন্ত অবসর : যাদের ঘরে বসে কাজ করার সুযোগ নেই, তাদের হাতে অফুরন্ত অবসর। এক্ষেত্রে (ক) যারা ধার্মিক মুসলমান, তারা আল্লাহর সাহায্য কামনা করবেন, পবিত্র কোরআন ও হাদিস অধ্যয়ন করবেন, (খ) অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মমতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এটাই স্বাভাবিক, (গ) ধর্মকর্মে যাদের মনোযোগ বা আগ্রহ কম, তারা হয়তো ঘরোয়া আড্ডা, লুডু, ক্যারম খেলে, টিভি দেখে এবং ফেসবুক-নেটে সময় পার করছেন, যা বলাই বাহুল্য।

৩. বই পড়া : টানা অবসর কাটানোর উত্তম উপায় ‘বই পড়া’। যারা দূরদর্র্শী এবং পড়ুয়া, তাদের ব্যক্তিগত সংগ্রহ আছে। আছে পারিবারিক গ্রন্থাগার। কেউ না বললেও তারা বই পড়ে দিব্যি সময় পার করতে পারছেন। ভালো বই সব সময়ের জন্য উত্তম সঙ্গী, যা কখনও বিড়ম্বনার কারণ হয় না। মহাজ্ঞানী শেখ সাদী বলেছেন, ‘রুটি-পানীয় ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু একখানা ভালো বই অনন্ত যৌবনা’। এই মহাজ্ঞানী বেহেশতেও (যদি আল্লাহ তাকে দেন) বই কামনা করেছেন। আর হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না, আল্লাহর কাছে অর্থ, যৌবন ও সময়ের হিসাব দিতে হবে।

গ্রন্থাগার নিয়ে আরও কিছু কথা- গ্রন্থাগার কয়েক ধরনের হতে পারে : (ক) ব্যক্তিগত গ্রন্থাগার : একটি বই সবার কাছে সমান পছন্দের না-ও হতে পারে। তাই ব্যক্তিগত পছন্দের বই নিয়ে গড়ে উঠতে পারে ‘ব্যক্তিগত সংগ্রহশালা বা গ্রন্থাগার’। সেখানে অন্যের প্রবেশাধিকার থাকবে কি না, তা নির্ভর করে উদ্যোক্তার ইচ্ছা-অনিচ্ছার ওপর। (খ) পারিবারিক গ্রন্থাগার : পরিবারের পড়ুয়া সদস্য প্রচেষ্টায় গড়ে ওঠে ‘পারিবারিক গ্রন্থাগার’।

সবার পছন্দের সম্মিলনে সমৃদ্ধ হয় সংগ্রহ। এজন্যই বলা হয়, ‘পারিবারিক গ্রন্থাগার আলোকিত পরিবারের প্রতিচ্ছবি’। পরিবার অনুমতি দিয়ে অন্যরা সেখানকার বই পড়ার সুযোগ পেতে পারেন। (গ) শিক্ষায়তন গ্রন্থাগার : স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে বলা শিক্ষায়তন গ্রন্থাগার।

প্রতিষ্ঠানের উদ্যোগেই এগুলো গড়ে ওঠে ও পরিচালিত হয়। উপযুক্ত ব্যবস্থাপনা ও পরিচালন ব্যবস্থা নিশ্চিত করা গেলে শিক্ষায়তন গ্রন্থাগার দ্রুত সমৃদ্ধ হয় ও বিকাশ লাভ করে। (ঘ) রেফারেন্স লাইব্রেরি : লেখক, গবেষক ও পেশাজীবীদের প্রয়োজনে গড়ে তোলা হয় এসব লাইব্রেরি।

সাধারণত উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে রেফারেন্স লাইব্রেরির প্রয়োজন বেশি অনুভূত হয়। (ঙ) সাধারণ বা গণগ্রন্থাগার : সর্বসাধারণের জন্য উন্মুক্ত, ব্যবহারযোগ্য গ্রন্থাগারই হল সাধারাণ বা গ্রন্থাগার। পাড়ামহল্লায় (কমিউনিটি) এ ধরনের গ্রন্থাগার গড়ে ওঠে। (চ) বিশেষ গ্রন্থাগার : কোনো কোনো এনজিও সাধারণ গ্রন্থাগার পরিচালনা করে থাকে। এগুলোকে বিশেষ গ্রন্থাগার নামে অভিহিত করা যায়।

সাধারণ/গণগ্রন্থাগার প্রতিষ্ঠায় সরকারকেই বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। শ্রুতিকটু হলেও সত্য, একটি স্বাধীন দেশে গ্রন্থাগার আন্দোলন যতটা গতি পাওয়া উচিত ছিল, তা পায়নি।

জাতীয় গ্রন্থকেন্দ্র : দেশের বেসরকারি গ্রন্থাগার উন্নয়নের মাধ্যমে পাঠকদের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি, সেবার মানোন্নয়ন, নতুন পাঠক সৃষ্টিতে সহায়তা প্রদানের লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতের অনুদানের অর্থ ও বই জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে বেসরকারি গ্রন্থাগারগুলোকে সরবরাহ করে। বরাদ্দ অনুদানের চেক বেসরকারি গ্রন্থাগারের নামে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে গ্রন্থাগারে বিতরণ করা হয়।

এটি নিয়মিত বার্র্ষিক কার্যক্রম। বরাদ্দ অর্থের মধ্যে ৫০ শতাংশ মূল্যমানের বই ও ৫০ শতাংশ অনুদানের অর্থের চেক সংশ্লিষ্ট বেসরকারি গ্রন্থাগারের নামে সরবরাহ করা হয়। তবে বেসরকারি গ্রন্থাগারগুলোর স্থায়ী রূপ দিতে ‘টেকসই কর্মসূচি’ বাস্তবায়নে এ সংস্থা ব্যর্থ হয়েছে বলে মনে করি। জানামতে, দেশে বেসরকারি গ্রন্থাগারের সংখ্যা ১৩৭৯। সঠিক মনিটরিং ও পৃষ্ঠপোষকতার অভাবে ফি বছর এ সংখ্যার হেরফের হয়।

এখন ঘরে বসে বই পড়ার মোক্ষম সময়। যেহেতু করোনার ভয়াবহতা এড়াতে মানুষকে ঘরে বসে থাকতে হচ্ছে, তাই এ সময়টি তারা বই পড়ে কাটাতে পারেন। ফলে অনেকের হারিয়ে যাওয়া পাঠাভ্যাস আবার ফিরে আসতে পারে। এতে সবারই মঙ্গল।

কেউ কেউ প্রশ্ন করেন, কী বই পড়ব? এ প্রশ্ন অবান্তর। ধর্ম, দর্শন, রসায়ন, পদার্থ, চিকিৎসাশাস্ত্র, জীবনী, ভ্রমণকাহিনী, উপন্যাস কত রকমের বই আছে। তবে যাদের সংগ্রহে অনেক বই আছে, তাদের ভাবনার কিছু নেই। আসুন, পারিবারিক গ্রন্থাগার গড়ে তুলি।

এমদাদ হোসেন ভূঁইয়া : সভাপতি, বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার