সদ্য প্রকাশিত
মতামত

হুমকির মুখে স্পিনিং খাত: প্রণোদনা জরুরি

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০২০২ মিনিট পড়া
হুমকির মুখে স্পিনিং খাত: প্রণোদনা জরুরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের সুতা উৎপাদনের খাতটি নানা সংকটে জর্জরিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্টরা এ ব্যাপারে উদাসীন। অথচ এ খাতে বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি। দেশে বর্তমানে ছোট-বড় মিলিয়ে চারশ’র মতো সুতার মিল রয়েছে।

উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা মনে করছেন, প্রণোদনা দেয়া না হলে এ মিলগুলো বন্ধ হয়ে যাবে। এর ফলে বেকার হয়ে পড়বে লাখ লাখ শ্রমিক। সামগ্রিক অর্থনীতিতে পড়বে এর বিরূপ প্রভাব। উল্লেখ্য, সম্প্রতি সরকার কাপড়ের মিলের জন্য ১ শতাংশ প্রণোদনা দিলেও সুতার মিলকে এর বাইরে রাখা হয়েছে।

উদ্যোক্তারা আশা করেছিলেন, দেশে শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সুতার মিলের জন্য গ্রহণযোগ্য পরিমাণে প্রণোদনার ঘোষণা দেবে। কেননা ব্যাকওয়ার্ড লিংকেজ বা কাঁচামালে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সুতার মিলের কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যবশত সরকারের নীতিনির্ধারকরা বিষয়টি অনুধাবন করছেন না।

উল্লেখ্য, উৎপাদন খরচের কারণে বিদেশি সুতার চেয়ে দেশি সুতার দাম কিছুটা বেশি। অন্যদিকে গার্মেন্ট মালিকদের তৈরি পোশাক রফতানির জন্য বন্ড সুবিধায় সুতা আমদানির সুযোগ রয়েছে। তারা আমদানিকৃত সুতার কিছু অংশ ব্যবহার করে বাকিটা খোলাবাজারে বিক্রি করে দিচ্ছেন। ফলে দেশে উৎপাদিত লাখ লাখ টন সুতা অবিক্রীত অবস্থায় গোডাউনে পড়ে আছে। সরকারের ভুল নীতির কারণেই এমনটি ঘটছে, যার পরিবর্তন হওয়া জরুরি।

নীতিনির্ধারকদের বুঝতে হবে, সরকার যদি দেশীয় সুতার মিলে ভর্তুকি ও নীতি-সহায়তা দেয়, তাহলে এ থেকে সামগ্রিক অর্থনীতি নানাভাবে লাভবান হবে। কারণ বস্ত্র খাতের সঙ্গে সাব-সেক্টর হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক কিছু জড়িত। যেসব দেশ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে স্বয়ংসম্পূর্ণ, তাদের উন্নতির কারণ খতিয়ে দেখলেই বিষয়টি অনুধাবন করা যাবে। আর ওইসব দেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পেছনে সরকারের বড় অবদান ছিল।

আমাদেরও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে হলে সরকারের প্রণোদনা অত্যন্ত জরুরি। পাশাপাশি বন্ড সুবিধায় আনা বিদেশি সুতার কালোবাজারি বন্ধ করতে হবে। দেশীয় শিল্পের সুরক্ষায় সরকারকে এদিকে দৃষ্টি দিতেই হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে সুতার মিলগুলোর রুগ্ন দশা থেকে উত্তরণে সরকারের প্রধান কাজ হল বাজার সৃষ্টিতে সহায়তা করা। এজন্য আইন করে হলেও গার্মেন্ট মালিকদের দেশীয় সুতা কিনতে বাধ্য করতে হবে। প্রয়োজনে দেশীয় সুতা ব্যবহারের সীমা নির্ধারণ করে দিতে হবে। আর স্পিনিং মিলগুলোর জন্য পর্যাপ্ত প্রণোদনার ব্যবস্থা করতে হবে অবিলম্বে।