সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মতামত

অবসান হোক লেজুড়বৃত্তির রাজনীতির

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৯৫ মিনিট পড়া
অবসান হোক লেজুড়বৃত্তির রাজনীতির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রাচীন গ্রিক প্যারাডক্স গুরু হেরাক্লিটাস বলে গেছেন, আপনি কখনোই একই নদীর স্রোতে দু’বার ডুব দিতে পারবেন না। কথাটির অর্থ হচ্ছে, পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং পরিবর্তন এভাবে আমাদের সব সময় নতুন সুযোগ ও সম্ভাবনা উপহার দেয়।

এ নতুন সুযোগ ও সম্ভাবনা থেকে সর্বাধিক লাভবান হতে হলে আমাদের অবশ্যই ক্রমাগতভাবে পুরনো মানসিকতা এবং অনুশীলনগুলো ভেঙে ফেলতে হবে। যৌক্তিক ও উদ্ভাবনমূলক সমাধান সচরাচর তখনই আসে, যখন আমরা নবজাতকের মনকে আলিঙ্গন করি এবং অভিনব অভিজ্ঞতাকে নতুন চোখ দিয়ে দেখি। আমাদের চারপাশের সবকিছুই প্রতিনিয়ত পরিবর্তনশীল। এ জন্য আমাদেরও একটু নমনীয় হওয়া দরকার, যাতে আমরা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারি।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। একই সঙ্গে কিছু কিছু নেতিবাচক কর্মকাণ্ড আমাদের ইতিবাচক পরিবর্তনগুলোকে অনেকটাই ম্লান করে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে, পাবলিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশেষ করে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে) ছাত্র-শিক্ষক-কর্মচারীর রাজনীতির কারণে শিক্ষার মানের অধঃপতন এবং অনিশ্চিত শিক্ষার পরিবেশ।

রাজনীতির বিরুদ্ধে যাওয়ার কোনো অবকাশ আমাদের নেই; তবে দেশের স্বার্থে পাবলিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-শিক্ষক-কর্মচারীরা কতটুকু রাজনীতি করতে পারবেন বা পারবেন না, তা হয়তো ভেবে দেখার একটা উপযুক্ত সময় এখন এসেছে আমাদের হাতে; বিশেষ করে, বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের পর। সহজ অর্থে রাজনীতি বলতে বোঝায় রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করা হবে তার আদর্শিক নীতিমালার সমষ্টি। এভাবে আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের প্রচলন দেখি এ বিশ্বে; যেমন- গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ইসলামিক রাষ্ট্রব্যবস্থা এবং একনায়কতন্ত্র। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আমার এ লেখনী নয়। এ লেখনীর মূল উদ্দেশ্য হচ্ছে, ছাত্র-শিক্ষক-কর্মচারীদের রাজনীতির কুফল নিয়ে আলোচনা করা এবং কীভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় তা খুঁটিয়ে দেখা।

সময় মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ সম্পদগুলোর মধ্যে অন্যতম একটা সম্পদ এবং সময় আমাদের জীবনে খুবই সীমাবদ্ধ। তাই গুণীজনরা বলে থাকেন, আমাদের জীবন হচ্ছে সময়ের একটা সমষ্টি মাত্র। একজন ছাত্র সাধারণত একটা সীমাবদ্ধ সময় (২, ৩, ৪ বছর) নিয়ে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসে। এ সীমিত সময়টা যদি তারা একই সঙ্গে রাজনীতি ও পড়াশোনায় ব্যয় করে, তাহলে তাদের অদক্ষ স্নাতক হয়ে বের হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না।

এসব অদক্ষ স্নাতকের শিক্ষা সমাপনী সনদ থাকবে; কিন্তু সেই সনদের বিপরীতে কর্মক্ষেত্রের জন্য ব্যবহারিক দক্ষতার উল্লেখযোগ্য অভাব পরিলক্ষিত হবে। একইভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের থাকবে না সময়োপযোগী শিক্ষাদানের দক্ষতা। থাকবে না দক্ষ কর্মচারীও। এভাবে আমরা দিনের পর দিন অদক্ষতার দুষ্টচক্রে বাধা পড়ে যাব। একটা জাতি যখন অদক্ষতার দুষ্টচক্রে বাধা পড়ে যায় তখন সে জাতি সমাজের চাহিদামতো সেবা এবং পণ্যদ্রব্য উৎপাদন করতে পারে না। এ অবস্থায় এ বিশ্বায়নের যুগে প্রয়োজনীয় সেবা এবং পণ্যের জন্য ভোক্তাদের বহির্মুখী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাংলাদেশে অনেকটা এমনই ঘটছে- অতি সাধারণ একটা দ্রব্য কিনতে গেলেও আমরা বিদেশি পণ্যের জন্য উন্মুখ হয়ে পড়ি।

একটি দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষাব্যবস্থার গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। শিক্ষার অনেক গুণের মধ্যে অন্যতম হচ্ছে, শিক্ষা সরাসরি শিক্ষা গ্রহীতার মধ্যে- ১. মানবিক, ২. ব্যবহারিক এবং ৩. বৃত্তিমূলক জ্ঞান ও বুদ্ধির জন্ম দেয়। এ মানবিক, ব্যবহারিক এবং বৃত্তিমূলক জ্ঞান ও বুদ্ধি দৈনন্দিন জীবনে যাবতীয় সমস্যার সমাধানে মৌলিক ভূমিকা পালন করে। অধিকন্তু নতুন জ্ঞান ও বুদ্ধি সৃষ্টিতেও সহায়তা করে। শিক্ষা গ্রহণের মূল স্থান শিক্ষাপ্রতিষ্ঠান হলেও গোটা সমাজই হচ্ছে এর প্রভাবক; যেমন- রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা, বিশেষ করে, উচ্চ শিক্ষাব্যবস্থা বা পাবলিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এমন যে, সেখানে শিক্ষার চেয়ে রাজনীতির প্রাধান্যই চোখে পড়ে। আর এ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাই যথা- ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা। এর ফলে একটি আদর্শ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য যেমন- ১. শিক্ষা প্রদান ২. গবেষণা করা ৩. বিদ্যমান জ্ঞানের উন্নয়ন করা এবং ৪. নতুন কোনো কিছুর উদ্ভাবন করা- তা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় আমাদের গোটা সমাজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়নের গতি এবং উন্নয়নকে ধরে রাখার প্রচেষ্টা।

আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এরপর হয়তো উন্নত দেশের স্বপ্ন দেখব। উন্নয়নকে টেকসই করতে হলে আমাদের শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করে গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই।

আর এর প্রথম পদক্ষেপ হতে পারে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জাতীয় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তির রাজনীতির অবসান ঘটানো। ছাত্র-শিক্ষক-কর্মচারী কেউ জাতীয় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তির রাজনীতি করবে না। জাতীয় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তির রাজনীতির অবসান ঘটানোর মানে এই নয়, ছাত্র-শিক্ষক-কর্মচারীরা কোনো সমিতি বা ঐক্যমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে না।

অবশ্যই থাকবে, কারণ সমিতি বা ঐক্যমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মধ্য দিয়েই দলগত অধিকার নিশ্চিত করা যায়। যেমন- আমি ফিনল্যান্ডে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। তাই আমি ফিনিশ ট্রেড ইউনিয়ন অব এডুকেশনের সক্রিয় সদস্য। যেহেতু আমি ব্যবসা প্রশাসনের শিক্ষক; তাই একই সঙ্গে আমি ফিনিশ ব্যবসা এবং সাংস্কৃতিক শিক্ষক ইউনিয়নেরও সদস্য।

একইভাবে ছাত্র ও কর্মচারীরাও বিভিন্ন ইউনিয়নের সদস্য। এ ইউনিয়নগুলো কিন্তু কোনোভাবেই রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না। বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের জাতীয় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তির রাজনীতির বিকল্প হিসেবে ফিনিশ মডেলের প্রয়োগ পর্যালোচনা করে দেখা যেতে পারে। আর এ জন্য সর্বপ্রথম দরকার রাজনৈতিক সিদ্ধান্ত। সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে বলবে- উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দলীয় রাজনীতির বাইরে।

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক-কর্মচারীর জাতীয় রাজনৈতিক দলের লেজুড়বৃত্তির রাজনীতির অবসান হলে এগিয়ে যাবে শিক্ষাব্যবস্থা; এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ।

বি.দ্র. আমরা কিন্তু কখনও ভুলব না ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ভূমিকা- ভাষা আন্দোলনে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং সেনাশাসনের পতনসহ অন্যান্য আন্দোলনে।

কাজী ছাইদুল হালিম, পিএইচডি : ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি