সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ম্যাক্স হাসপাতালের ১১ অনিয়ম চিহ্নিত

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৮৩ মিনিট পড়া
ম্যাক্স হাসপাতালের ১১ অনিয়ম চিহ্নিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নানা রকম অনিয়মের মধ্য দিয়ে নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতাল চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দিনের পর দিন ভুল চিকিৎসা ও অবহেলায় হাসপাতালটিতে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে।

সরেজমিন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন দল হাসপাতালটির ১১টি অনিয়ম চিহ্নিত করেছে। আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে লাইসেন্স ও চিকিৎসক-নার্স নিয়োগের সব তথ্য দিতে নোটিশ দেয়া হয়েছে।

এ নির্দেশ অমান্য করলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ও লাইসেন্স বাতিল করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। ভুল চিকিৎসায় সাংবাদিককন্যা রাইফার মৃত্যুর অভিযোগ ওঠার পর পরিদর্শন দল গঠন করে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে রাইফাকে হত্যা করা হয়েছে বলে আবারও অভিযোগ করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। তারা বলেন, স্বাস্থ্য অধিদফতরের তদন্তে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগের প্রমাণ মিলেছে।

যে হাসপাতালে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্স নেই সেই হাসপাতালের চিকিৎসা কখনও সঠিক হতে পারে না। রাইফা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ম্যাক্স হাসপাতাল অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।

হাসপাতালের নামে জনগণের পকেট কেটে অর্থ আদায়কারী মালিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার অনুরোধ জানান সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় রাইফার মৃত্যুর অভিযোগ ওঠার পর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি পরিদর্শন দল চট্টগ্রাম আসে।

হাসপাতালটি পরিদর্শন করার পাশাপাশি রাইফার বাবা-মা, দায়িত্বরত চিকিৎসক-নার্স এবং সাংবাদিক ও চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন পরিদর্শন দলের সদস্যরা।

ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিদর্শক দল। অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে ম্যাক্স হাসপাতালের ১১টি অনিয়ম চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জনের মাধ্যমে পরদিন হাসপাতালে নোটিশ পৌঁছে দেয়া হয়। অনিয়মগুলোর মধ্যে রয়েছে- ম্যাক্স হাসপাতালের লাইসেন্স নবায়নের আবেদন বিধি মোতাবেক করা হয়নি, হাসপাতালটি ১৫০ শয্যার হলেও চিকিৎসক-নার্সদের নিয়োগপত্র নেই, বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা নেই, ক্লিনার ও কর্মচারী নিয়োগের তথ্য নেই, প্যাথলজিক্যাল ল্যাবের লাইসেন্স বিধি মোতাবেক নবায়ন করা হয়নি, প্যাথলজিস্ট, রিপোর্ট প্রদানকারী চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টের তালিকা নেই। এছাড়া হাসপাতালটিতে ব্লাড ব্যাংক নেই। হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, হাসপাতালটি যে অবৈধ তা আবারও প্রমাণিত হয়েছে।

তারা বলেন, ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ শিশু রাইফাকে হত্যা করেছে। ওই হাসপাতালের অপচিকিৎসায় যেন আর কারও মৃত্যু না হয় সেজন্য হাসপাতালটি অবিলম্বে বন্ধ করে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানান তারা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

সাংবাদিক নেতারা বলেন, আমরা চিকিৎসকদের বিপক্ষে নই। রাইফার ভুল চিকিৎসার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি। এ নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে চিকিৎসকদের সাংবাদিক ও জনগণের মুখোমুখি দাঁড় করাতে চাইছে। এটি কাম্য নয়।

বুধবার মধ্যরাতে বিএমএ চট্টগ্রাম শাখার এক বৈঠকে ড্যাব ও বিএনপি নেতা ডা. খুরশিদ জামিল সাংবাদিকদের ‘মার দিতে হবে’ বলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন- যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী সাংবাদিকের সন্তানদের চিকিৎসা না করার হুমকি দেন।

সাংবাদিক নেতারা বলেন, এসব হুমকিতে সাংবাদিকরা ভীত নন। রাইফা হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।