সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসনে বইছে নির্বাচনী আবহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীরা কর্মিসভা থেকে শুরু করে উঠান বৈঠকে বসছেন নিয়মিত। যোগ দিচ্ছেন বিভিন্ন সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে।
অনেকে আবার ফেসবুককে নির্বাচনী প্রচারের হাতিয়ারে পরিণত করেছেন। মোবাইল মেসেজেও অনেকে সক্রিয়। প্রার্থীদের ছবি সংবলিত পোস্টার-ব্যানারে সয়লাব হয়ে গেছে। প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখে ভোটাররাও এখন উজ্জীবিত। দলের কর্মীদেরও কদর বেড়েছে।

মাঝে মধ্যেই তাদের ডাক পড়ছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থীরা দৌড়ঝাঁপে ব্যস্ত সময় পার করছেন। এ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা স্থানীয় নেতাদের সঙ্গে সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে আগামী নির্বাচনী পরিকল্পনার ছক কষার পাশাপাশি গণসংযোগেও দীর্ঘ সময় ব্যয় করছেন। বিশ্লেষকরা বললেন, কয়েক বছর ধরে বিএনপির সাংগঠনিক অবস্থান দুর্বল হয়ে পড়লেও আগামী নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই।
তবে এ আসনে জাতীয় পার্টির অবস্থানও বেশ শক্ত। ভোটের মাঠে জাতীয় পার্টি ফ্যাক্টর হয়ে উঠতে পারে। স্বাধীনতার পর এ আসনে আওয়ামী লীগ একচেটিয়া প্রভাব বিস্তার করলেও নব্বইয়ের পটপরিবর্তনের পর বেশিরভাগ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। তবে ১৯৯১ সালের নির্বাচনে এ আসনে বিজয়ী হন চারদলীয় জোটের জামায়াতের প্রার্থী ডা. আসজাদ।
২০০১ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির নাসিরুল হক সাবু। বাকি তিন দফায় অর্থাৎ ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী। তার হাত দিয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মাধ্যমে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তার আমলেই পাংশা কলেজ ও পাংশা জর্জ পাইলট উচ্চবিদ্যালয় সরকারীকরণ করা হয়। দলের সাংগঠনিক অবস্থান বেশ মজবুত। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। স্থানীয় নেতারা বলছেন, নানা কারণে জিল্লুল হাকিম দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত। নির্বাচনী ভাবনা নিয়ে কথা হয় বর্তমান এমপি জিল্লুল হাকিমের সঙ্গে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটারদের প্রতি আমার আস্থা রয়েছে। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
বর্তমান এমপি ছাড়াও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী হক।
নির্বাচনী ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ আসনের সর্বত্র আওয়ামী লীগের নির্যাতিত ও বঞ্চিত নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছি। দিনরাত ভোটারদের সঙ্গে আছি। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা নুতন নেতৃত্বকে দেখতে চায়। তিনি বলেন, আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে অবশ্যই রাজবাড়ী-২ আসনের সর্বস্তরের জনগণসহ তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
নানামুখী চাপের কারণে সাংগঠনিক দিক থেকে পিছিয়ে থাকা বিএনপি আগামী নির্বাচনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে চায়। বিএনপি নেতারা এ আসনে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন। দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সহসভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন অ্যাডভোকেট রাজ্জাক খান। তিনি লায়ন ইন্টারন্যাশনাল ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার সঙ্গে জড়িত।
তিনি কালুখালীর সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কিং জুট মিলসের এমডি এবং রাজবাড়ী জুট মিলের পরিচালক। এসব প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক লোক চাকরি করছেন। রাজবাড়ী-২ আসনের বিএনপির রাজনীতি অনেকটা তাকে ঘিরেই আবর্তিত। স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় অনুদান দেয়াসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপিকে সংগঠিত রেখেছেন। দল করতে গিয়ে তাকে জেলও খাটতে হয়েছে। জানতে চাইলে তিনি যুগান্তরকে দলের মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হব।
এ আসনে জাতীয় পার্টির জনপ্রিয়তাও উল্লেখ করার মতো। আগামী নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের অন্যতম হচ্ছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী, পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সাবেক সদস্য এবিএম নূরুল ইসলাম।
গত জাতীয় নির্বাচনে তিনি দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করলেও পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে তা প্রত্যাহার করে নেন। এর আগে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। স্থানীয় মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও তার অবদান রয়েছে। এরশাদের আমলে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জানতে চাইলে অ্যাডভোকেট এবিএম নূরুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা নদীর ওপর সেতু করতে তিনি হাইকোর্টে রিট করেছিলেন।
এলাকার বেকার জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের কলকারখানা স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদ মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করব। জাতীয় পার্টির আরেক মনোনয়নপ্রত্যাশী হচ্ছেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও কালুখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মিয়া।
তিনি ২০০৮ সালের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও পরে তিনি দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তিনি জানান, আগামী নির্বাচনে যদি তাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়, তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এদিকে নির্বাচনী মাঠে গণসংযোগ করছেন জাতীয় ছাত্র সমাজের নেতা রকিবুল ইসলাম শামীম।
দলের প্রার্থী হিসেবে তিনি গণসংযোগ করছেন। তিনি রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি পূর্ণাঙ্গ উপজেলা ও প্রাদেশিক রূপরেখা বাস্তবায়নের জন্য নেতকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন করছেন।
যুগান্তর










