সিল্কসিটিনিউজ ডেস্ক:
মুম্বাইগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকার সময় ঝগড়া করে ককপিট ছেড়ে চলে যান দুই পাইলট। এ কারনে এই দুই পাইলটের উড়োজাহাজ চালানোর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ওই দুই পাইলটের একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। জেট এয়ারওয়েজ ওই ঘটনায় এর আগে দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের ফ্লাইটটিতে ককপিটে দুই পাইলটের তর্কাতর্কি শুরু হয়। প্রধান পাইলট সহকারী নারী পাইলটকে চড় মারেন। এতে নারী পাইলট ককপিট থেকে বেরিয়ে আসেন। ককপিট ছেড়ে বেরিয়ে আসেন প্রধান পাইলটও। উড়োজাহাজ তখন মাঝ আকাশে, চালকশূন্য! পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্রধান পাইলট ককপিটে চলে ফিরে আসেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করে উড়োজাহাজ কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা শঙ্কার মুখে ফেলায় তাদের ফ্লাইং লাইসেন্স বাতিল করা হয়। জেট এয়ারওয়েজ চাকরি থেকে তাদের বরখাস্ত করে। শুধু তাই নয়, তাদের উড়োজাহাজ চালনার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি










