সিল্কসিটিনিউজ ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করলে আদালতে সেগুলোর তথ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আপনি একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা চাই আপনি নির্দোষ হয়ে বেরিয়ে আসুন।
কোনো প্রধানমন্ত্রীকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে আদালত দোষী সাব্যস্ত করুক এটা দেশের জন্য মোটেও গৌরবের বিষয় নয়। এটা দেশের জন্য কখনো সম্মান বয়ে আনে না।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালেদার দুর্নীতির মামলার দায়ভার সরকার নেবে না জানিয়ে তিনি বলেন, উনার বিরুদ্ধে মামলা আমরা দেইনি, আমাদের সরকারও দেয়নি। উনি বললেন আমি প্রতিহিংসার রাজনীতি করি না, এ কারণে শেখ হাসিনাকে আমি ক্ষমা করলাম। কাকে কি কারণে কি কথা বলছেন যে ক্ষমা করলেন? এ মামলা কি শেখ হাসিনা দিয়েছে? এ মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়। এ মামলার দায়ভার তো আমরা নিতে পারি না।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও. ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সূত্র: কালের কণ্ঠ










