সদ্য প্রকাশিত
রাজনীতি

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া মানুষের কর্তব্য: খালেদা জিয়া

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া মানুষের কর্তব্য: খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (৩০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো বাণীতে খালেদা জিয়া বলেন, ‘অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সেই শিক্ষাই দেয়। মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোনও গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠির করা অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’

পৃথক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) এর শাহাদাত বরণের শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদের আজো গভীর দুঃখ ভারাক্রান্ত ও বেদনার্ত করে তোলে। বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়।

অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে কারবালায় তিনি নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরবৃন্দসহ জালিমের হাতে শহীদ হন। ব্যক্তিগত কোনও অভিলাষ নয়, বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহঙ্কার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তাঁর নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সব মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেরণা যুগিয়ে চলেছে।’

 

সূত্র: বাংলাট্রিবিউন