সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে উচ্চ মাধ্যমিক ফলাফলে বিপর্যয় শীর্ষ কলেজগুলোতে

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
তানোরে উচ্চ মাধ্যমিক ফলাফলে বিপর্যয় শীর্ষ কলেজগুলোতে

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলাতে শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। দীর্ঘ তিন বছর ধরে আশানুরূপ ফলাফল না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে চরম অসস্তোষ ও চাপাক্ষোভ বিরাজ করছে।

 
তানোরের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পৌর সদরে অবস্থিত তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজ, তানোর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ও তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজ। এইসব শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোতে গত তিন বছর ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় প্রতিনিয়ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে নানান প্রশ্ন।

 
উপজেলা পর্যায়ে জাতীয়করণের দৌড়ে এগিয়ে থাকা পৌর সদরে তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩৪০জন, এর মধ্যে পাস করেছে অর্ধেকেরও অনেক কম মাত্র ১৬৪জন, ফেল করেছে ১৭৬। এর পাশের হার ৪৯.৫৫শতাংশ।

 
জাতীয়করণের প্রতিদ্বন্দ্বী তানোর উপজেলার আরেক কলেজ তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩৮৮জন। এর মধ্যে পাশ করেছে ২১০, ফেল করেছে ১৭৮জন। পাশের হার ৫৫.১২ শতাংশ।

 
জাতীয়করণের দৌড়ে থাকা আরেক শিক্ষা প্রতিষ্ঠান তানোর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের (চাপড়া) পরীক্ষার্থী ছিল ৪৫জন, এর মধ্যে পাশ করেছে ২৬জন, ফেল করেছে ১৯জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৫৭.৭৮ শতাংশ।

 
অনার্স কোস চালু হওয়া এই তিনটি বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক ফলাফলে পুরো উপজেলা জুড়ে চলছে সমালোচনা ঝড়। ওই সব প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষক কর্মরত রয়েছেন।
বড় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগে অকৃতকার্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষার্থীদের অনুপস্থিতি আর শিক্ষকদের ক্লাসে নিয়মিত না পাওয়া, দুর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের মনোযোগ না দেওয়াকে দায়ী করেন তারা।

 
এ নিয়ে তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাবিবুর মিঞা’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

 
গত তিন বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ কিংবা আশানুরুপ ফলাফল করতে পারেনি অপর শিক্ষা প্রতিষ্ঠান তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজ।

 
এ নিয়ে অধ্যক্ষ বিষ্ণপদ সরকার জানান, কলেজ জাতীয়করণের জন্য আবেদন করেছি। গত তিন বছরে ফলাফল ৭০ শতাংশ বা ৮০ শতাংশ না হলেও আশানুরূপ ফলাফল হয়েছে বলে তিনি মনে করেন।
স/শ